চট্টগ্রামের সাতকানিয়ায় নিরপরাধ ব্যক্তিকে ষড়যন্ত্রমূলক ও সম্পূর্ণ মিথ্যা মামলায় গ্রেপ্তার করে কারাগারের প্রেরণের প্রতিবাদ সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীর পরিবার।

৬ জানুয়ারি, মঙ্গলবার বিকালে উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়ন পরিষদের সামনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় লিখিত বক্তব্যে ইফনাত সোলতানা আলিয়া বলেন, আমাদের পরিবারের একজন নিরপরাধ সদস্য ‘ইফতেখার’ ষড়যন্ত্রমূলক ও সম্পূর্ণ মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে অবস্থান করছে। যার সাতকানিয়া থানা মামলা নং ৩(১) ২৬। একটি কুচক্রি মহল সাতকানিয়া থানা প্রশাসনকে ইফতেখারের বিষয়ে মিথ্যা ও বানোয়াট তথ্যে সরবরাহ করে। একটি স্বার্থান্বেষীগোষ্ঠী প্রতিহিংসার বশবর্তী হয়ে সাতকানিয়া থানাকে ভুল তথ্য দিয়ে এই কাজটি করায়ছে। গত ৪ জানুয়ারি পর্যন্ত আমার ভাইয়ের বিরুদ্ধে কোন মামলা ছিল না। ৪ জানুয়ারি রাত ২ টার পরে সাতকানিয়া থানার পুলিশের একটি দল আমাদের বাড়িতে আসেন৷ পুলিশ পরিচয়ে ঘুমন্ত আমার ভাই ইফতেখারের নাম ধরে দরজা খুলতে বলেন৷ তখন আইনের কাজে সহযোগিতা করতে ইফতেখার নিজেই ঘরের দরজা খুলে দেন৷ পুলিশ সম্পূর্ণ বাড়ি তল্লাশি করেও কোন ধরনের অস্বাভাবিক কিছুর হদিস পাননি৷ অস্ত্র দূরের কথা একটি লাঠিও উদ্ধার করতে পারেননি। কিন্তু বাড়ি থেকে প্রায় ১২ গজ দূরে ছাগলের খোঁয়াড় থেকে অস্ত্র উদ্ধার করেছেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়। যা আমাদের কাছে বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে না যেটি বাস্তবতার সাথেও সম্পূর্ণ সাংঘর্ষিক। এই সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের কাছে জোরালোভাবে দাবি জানাচ্ছি, অবিলম্বে এই মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করে ইফতেখারের নিঃশর্ত মুক্তি দাবি করছি।

প্রসঙ্গত,গত ৪ জানুয়ারি বিকেলে উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়ন থেকে একটি দেশীয় তৈরী অস্ত্র (এলজি), তিন রাউন্ড গুলি ও একটি রামদাসহ মোহাম্মদ ইফতেকার(২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, অস্ত্রসহ ইফতেখার’কে গ্রেপ্তার করা হয়েছে।যদি পরিবার ঘটনাটি মিথ্যা দাবী করে তাহলে বিষয়টি অধিকতর তদন্ত করা হবে।
এসএস



