আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও আকবর শাহ-পাহাড়তলী আংশিক) আসনে বিএনপির ঘোষিত প্রার্থী কাজী সালাউদ্দিনের পরিবর্তে মোহাম্মদ আসলাম চৌধুরীকে চূড়ান্ত করা হয়েছে। বিএনপি নেতা আসলাম চৌধুরী চূড়ান্ত মনোনয়ন পেয়ে ২৭ ডিসেম্বর, শনিবার সকালে সীতাকুণ্ডের নিজ বাড়িতে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন।

মতবিনিময় সভায় আসলাম চৌধুরী নেতাকর্মীদের সামনে কেন্দ্র থেকে দেওয়া মনোনয়নপত্রটি উপস্থাপন করে বলেন, ‘ইচ্ছে করেই আমি একটু সময় নিয়েছি। সবাইকে ধৈর্য্যশীল ও সহনশীল হওয়ার জন্য। আশা করি, আজ থেকে আর কোনও সংশয়, দ্বিধা রইলো না।’
এ সময় নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘দল আমার ওপর যে আস্থা রেখেছে, তা আপনাদের ত্যাগের ফসল। আপনারা চেয়েছেন বলেই প্রাথমিকভাবে ঘোষিত প্রার্থী পরিবর্তন করে আমাকে চূড়ান্ত করেছে। আপনাদের এই আস্থা বিশ্বাসের মর্যাদা রাখার আমি সর্বোচ্চ চেষ্টা করবো। সেই সঙ্গে আপনাদেরও সব মতপার্থক্য ভুলে একযোগে কাজ করতে হবে।’

এর আগে গত ৩ নভেম্বর আসনটিতে দলীয় প্রার্থী হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিনের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর নির্বাচনে অংশ নেওয়ার উদ্দেশ্যে ১৮ ডিসেম্বর মনোনয়নপত্র সংগ্রহ করেন সালাউদ্দিন।
৩ নভেম্বর চট্টগ্রাম–৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে কাজী মোহাম্মদ সালাউদ্দিনের নাম ঘোষণা করা হলে আসলাম চৌধুরীর সমর্থকেরা ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন অংশ অবরোধ করেন। এ সময় টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়কে অবস্থান নিয়ে প্রার্থী পরিবর্তনের দাবি তোলেন তারা। একই দিন ঢাকা–চট্টগ্রাম রেলপথও অবরোধ করা হয়। এসব ঘটনায় বিএনপি ও সহযোগী সংগঠনে আসলাম চৌধুরীর অনুসারী বেশ কয়েকজন নেতাকে বহিষ্কার করা হয়। এদিকে ৩ নভেম্বর প্রার্থী ঘোষণার পর কাজী মোহাম্মদ সালাউদ্দিনের অনুসারীরা এলাকায় আনন্দমিছিল করেন।
এসএস



