খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ ডিসেম্বর, বুধবার দুপুর ১২টায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ সভা অনুষ্ঠিত হয়।

কল্যাণ সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম। সভার শুরুতে জেলা পুলিশ লাইন্সের অফিসার ও ফোর্সদের পক্ষ থেকে পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
সভায় উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যদের উদ্দেশ্যে পুলিশ সুপার বাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলা, কল্যাণ এবং প্রশাসনিক বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

কল্যাণ সভার উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে ছিল— জেলার বিভিন্ন ইউনিটের দাপ্তরিক চাহিদার প্রেক্ষিতে প্রয়োজনীয় স্টেশনারি ও অন্যান্য লজিস্টিক সামগ্রী বিতরণ। এছাড়া পিআরএল (PRL) গমণে ইচ্ছুক পাঁচজন পুলিশ সদস্য এবং একজন সিভিল স্টাফ (অফিস সহায়ক)-কে জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় পুলিশ সুপার বিদায়ী সদস্যদের হাতে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেন এবং তাদের দীর্ঘ কর্মজীবনের অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উন্মুক্ত আলোচনা পর্বে পুলিশ সুপার বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের আবাসন, রেশন, পরিবহন, ডিউটি ও ব্যক্তিগত সমস্যাসহ বিভিন্ন বিষয়ে মতামত মনোযোগ সহকারে শ্রবণ করেন। তিনি কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধান প্রদান করেন এবং অবশিষ্ট সমস্যাগুলোর দ্রুত সমাধানের আশ্বাস দেন।
পরিশেষে পুলিশ সুপার সকল অফিসার ও ফোর্সকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন, সদাচরণ বজায় রাখা এবং প্রচলিত আইন ও বিধি-বিধান কঠোরভাবে অনুসরণের নির্দেশ প্রদান করেন।
কল্যাণ সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিটের ইনচার্জগণ ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এসএস



