চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী হারুয়াল ছড়ি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ২৭ অক্টোবর সোমবার দিনব্যাপী বিনামূল্যের চিকিৎসাসেবা প্রদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ফটিকছড়ি উপজেলা থেকে জামায়াতে ইসলামীর মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ জনকল্যাণমূলক মহৎ উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের স্বনামধন্য(বেসরকারি)পার্ক ভিউ হাসপাতালের ডিরেক্টর ও হারুয়াল ছড়ি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সভাপতি ডা. আহমদ রহিম, হারুয়ালছড়ি ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী,হারুয়াল উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুল হায়দার, ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনোজ চৌধুরীসহ এলাকার বরেণ্য শিক্ষক, অতিথিবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় টাইফয়েড টিকা দানের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়ে।প্রতিষ্ঠানের প্রায় এক হাজার শিক্ষার্থীসহ এলাকাবাসীর অংশগ্রহণে মেডিক্যাল ক্যাম্পটি দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।চট্টগ্রামের স্বনামধন্য ৮ জন চিকিৎকের চিকিৎসার মধ্যে দিয়ে চলতে থাকে দিনের কর্মসূচি,ফ্রি ব্লাড গ্রুপিং, ডায়াবেটিস টেস্ট, রক্তচাপ পরীক্ষা থেকে শুরু করে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শসহ হতদরিদ্র মানুষের জন্য বিনামূল্যে জরুরি স্বাস্থ্যসেবা দেওয়া হয়। বিশেষ করে নারী ও বৃদ্ধদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
উদ্বোধনী বক্তব্যে অধ্যক্ষ নুরুল আমিন তিনি বলেন “শিক্ষা ও স্বাস্থ্য একে অপরের পরিপূরক। শিক্ষার্থীদের শুধু পড়াশোনায় নয়; পাশাপাশি স্বাস্থ্যসচেতন হওয়াও অত্যন্ত জরুরি। সুস্থ শরীর ছাড়া মন ভালো থাকে না, আর মন ভালো না থাকলে মনোযোগ দিয়ে পড়াশোনা করাও সম্ভব নয়।” তিনি এ ধরনের মানবকল্যাণমূলক সেবা আয়োজনের জন্য কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এমন কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এমন উদ্যোগ শুধু স্বাস্থ্যসেবা নয়; মানবতার সেবারও শ্রেষ্ঠ উদাহরণ। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এ ধরনের সমাজমুখী ও জনকল্যাণমূলক কার্যক্রম দেশ ও জাতির জন্য আশার আলো জ্বালায়।



