চট্টগ্রাম নগরের বায়েজিদ এলাকায় পানির প্রবল স্রোতে একটি সড়ক সেতু ধসে পড়েছে। ফলে অক্সিজেন-দুই নম্বর গেইট সড়কে যান চলাচলে চরম ভোগান্তি তৈরি হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্টার শিপ কারখানার পাশে অবস্থিত ব্রিজটি আজ ভোর সকালে ধসে পড়ে পানিতে তলিয়ে যায়। মুহূর্তেই এলাকার প্রধান সড়কে যান চলাচলে বিপর্যয় সৃষ্টি হয়।
সরেজমিন ঘুরে দেখা গেছে, দুর্ঘটনাস্থলে ব্রিজের চারপাশ ঘিরে লাল ফিতা দিয়ে সতর্কতা জারি করা হয়েছে। সড়কের এক পাশ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে এবং বিপরীত দিক দিয়ে সীমিত পরিসরে যান চলাচল চালু রাখা হয়েছে। এতে দুই দিকেই তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দা মোবারক জানান, ফজরের নামাজের সময় ব্রিজ ভেঙে পড়ার শব্দ শুনে আমি দ্রুত আশপাশের গাড়িচালকদের সতর্ক করেছি। পরে সবাইকে বলে দিয়েছি যেন কেউ সেদিকে গাড়ি না চালায়।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি ভাঙা ব্রিজ এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন। পরিদর্শন শেষে মেয়র বলেন, ব্রিজ ভেঙে যাওয়ায় মানুষের কষ্ট হচ্ছে। আমরা জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিচ্ছি। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি, দ্রুত সময়ের মধ্যে বিকল্প ব্যবস্থা ও মেরামতের উদ্যোগ নেওয়া হবে।



