শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

তদন্ত করে ব্যবস্থা নেবেন ইউএনও

সরকারি অ্যাম্বুলেন্স দিয়ে ফটিকছড়িতে বিএনপি নেতার শোডাউন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ফটিকছড়িতে এক বিএনপি নেতার রাজনৈতিক শোডাউনে সরকারি অ্যাম্বুলেন্স ব্যবহারের অভিযোগ উঠেছে, যা নিয়ে স্থানীয় পর্যায়ে তীব্র সমালোচনার ঝড় বইছে।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সরওয়ার আলমগীরের নেতৃত্বে আয়োজিত ‘জুলাই-আগস্ট বিজয় শোডাউনে’ ফটিকছড়ি পৌরসভার মালিকানাধীন একটি অ্যাম্বুলেন্স সাইরেন বাজিয়ে অংশ নেয়। রোগীহীন অবস্থায় শোডাউনের পুরো মিছিলের সঙ্গে সদর এলাকা প্রদক্ষিণ করে গাড়িটি।

স্থানীয়রা বলছেন, জনগণের করের টাকায় কেনা অ্যাম্বুলেন্সের এহেন ব্যবহারে সাধারণ মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। পৌর এলাকার বাসিন্দা আলী আছার বলেন, “এই অ্যাম্বুলেন্স রোগীদের সেবার জন্য দেওয়া হয়েছে। রাজনৈতিক নেতারা নিজেদের প্রচারণায় এটি ব্যবহার করছেন, যা অত্যন্ত অনৈতিক।”

পৌরসভার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, শিক্ষার্থীদের দান করা এই অ্যাম্বুলেন্স শুধুমাত্র রোগী পরিবহনের জন্য নির্ধারিত। রেজুলেশনেও স্পষ্ট উল্লেখ রয়েছে—এটি ব্যক্তিস্বার্থে ব্যবহার করা যাবে না এবং কোনোভাবেই ভাড়া দেওয়া যাবে না।

রাঙ্গামাটিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী অ্যাম্বুলেন্সটি শোডাউনে ব্যবহারের কথা স্বীকার করেছেন। তিনি বলেন, “হ্যাঁ, আমরা পৌর কর্তৃপক্ষের কাছ থেকে ভাড়া নিয়ে অ্যাম্বুলেন্সটি ব্যবহার করেছি।”

তবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সরওয়ার আলমগীর বলেন, “বিজয় শোডাউনে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দলের আহত নেতাকর্মীদের পরিবহনের জন্য অ্যাম্বুলেন্সটি ভাড়া নেওয়া হয়েছিল। এটি সরকারি না বেসরকারি, তা আমার জানা ছিল না।”

এ বিষয়ে জানতে চাইলে ফটিকছড়ি পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, “বিষয়টি আমার জানা ছিল না। অভিযোগ পেয়েছি, তদন্ত করে সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় দলীয় ভেতরেও ক্ষোভ বিরাজ করছে। ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার বলেন, “সরকারি সম্পদ ব্যক্তিস্বার্থে ব্যবহার করা অনৈতিক ও দলের জন্য ক্ষতিকর। যারা এটি করেছে তারা দলের ভাবমূর্তিকে আঘাত করেছে।”

দলের একটি অংশের মতে, দেশের ভেতরে-বাইরে বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্রের অভিযোগ যখন চলছে, তখন এ ধরনের কর্মকাণ্ড দলের নৈতিক অবস্থান ও জনসমর্থনকে দুর্বল করবে।

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত