চট্টগ্রামের ফটিকছড়িতে একের পর এক প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এবার উপজেলার সুয়াবিলের চুরখাঁহাট বাজার এলাকায় এলোপাতাড়ি গুলিতে অন্তত তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় ধাওয়া দিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশার চালককে আটক করেছেন স্থানীয় লোকজন। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।
২৩ নভেম্বর, সোমবার রাত সাড়ে আটটার দিকে নাজিরহাট পৌরসভার সুয়াবিল এলাকার চুরখাঁহাট বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচজনের একটি অস্ত্রধারী দল সিএনজিচালিত অটোরিকশায় করে শোভনছড়ির দিক থেকে বাজারে আসে। এ সময় অটোরিকশা থেকে এলোপাতাড়ি গুলি ছোড়া হয়। স্থানীয় লোকজন তাঁদের থামানোর চেষ্টা করলে অস্ত্রধারীরা বাজার এলাকায়ও কয়েক রাউন্ড গুলি ছোড়েন। এতে অন্তত তিনজন আহত হন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, আহত ব্যক্তিদের মধ্যে স্থানীয় শওকতের মাথায় এবং হাশেমের হাতে গুলি লেগেছে। তবে অন্য আহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী হাশেম, জাহাঙ্গীর ও ইরফান জানান, শোভনছড়ির দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা চুরখাঁহাট বাজারে পৌঁছালে সেটি থেকে হঠাৎ গুলি ছোড়া শুরু হয়। এ সময় স্থানীয় লোকজন অটোরিকশাটির গতিরোধের চেষ্টা করেন। পরিস্থিতি বেগতিক দেখে আরোহীরা বারোমাসিয়া এলাকার দিকে পালানোর চেষ্টা করেন।
প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর বলেন, স্থানীয় লোকজন অটোরিকশাটিকে ধাওয়া করেন। একপর্যায়ে বৈদ্যেরহাট এলাকায় চালককে আটক করা হয়। পরে খবর পেয়ে ভূজপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে নিজেদের হেফাজতে নেয়। অটোরিকশাটিতে গুলির চিহ্নও দেখা গেছে।
আটক চালক স্থানীয় লোকজনের কাছে নিজের নাম জাবেদ বলে পরিচয় দিয়েছেন। তিনি চট্টগ্রাম-গ-১১-২৬৮৮ নম্বরের সিএনজিচালিত অটোরিকশার চালক এবং নাজিরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় লোকজনের দাবি, আটক ব্যক্তির অটোরিকশায় তল্লাশি চালিয়ে গুলির খোসা পাওয়া গেছে। এ ছাড়া অটোরিকশার অন্য আরোহীদের কাছে পাঁচটি আগ্নেয়াস্ত্র ছিল বলেও দাবি করেছেন তাঁরা।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তি পুলিশ হেফাজতে রয়েছেন।
এর আগে গত ২২ নভেম্বর, রোববার সন্ধ্যায় উপজেলার কাঞ্চননগরের তেমুহনী বাজারের পূর্ব পাশে নিজ দোকানে বসে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হন ব্যবসায়ী মো. আবছার উদ্দিন চৌধুরী। অভিযোগ রয়েছে, মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়।
মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে উপজেলার দুটি এলাকায় প্রকাশ্যে গুলিবর্ষণ ও হতাহতের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এসব ঘটনার সঙ্গে কারা জড়িত, অস্ত্রধারীরা কীভাবে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কী পদক্ষেপ নিচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা।
এসএস
