মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬

৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমি রেকর্ড ডিজিটাল করবে সরকার

ডেস্ক রিপোর্ট
[news_photocard_button text="Your custom text"]

দেশের ৬১টি জেলার প্রায় ৮ কোটি ৫২ লাখ ভূমির হোল্ডিং ও খতিয়ানের রেকর্ড ডিজিটাল করার উদ্যোগ নিয়েছে সরকার। ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি ও সেবার মান বাড়াতে এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে। এর ফলে ভূমিসংক্রান্ত জালিয়াতি, অনিয়ম ও বিরোধ কমার পাশাপাশি নাগরিকদের ভোগান্তিও কমবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।

এ লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তি করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।

২৩ নভেম্বর, সোমবার প্রকাশিত সংবাদ অনুযায়ী, রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এতে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের পরিচালক ও যুগ্মসচিব মো. পারভেজ হাসান বিপিএএ এবং ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি।

অনুষ্ঠানে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি বলেন, নির্ভুল ভূমি রেকর্ডই দক্ষ ও নির্ভরযোগ্য ভূমিসেবার ভিত্তি। রেকর্ডে ভুল থাকলে তার ওপর ভিত্তি করে দেওয়া সেবাও ত্রুটিপূর্ণ হবে। সরকারের লক্ষ্য শতভাগ নির্ভুল ডিজিটাল রেকর্ড নিশ্চিত করা, যাতে নাগরিকেরা তাঁদের প্রাপ্য সেবা পান।

নতুন উদ্যোগের আওতায় ভূমির হোল্ডিং ও খতিয়ানের তথ্য সমন্বিত ডিজিটাল ব্যবস্থায় সংরক্ষণ করা হবে। এতে নাগরিকেরা সহজেই ভূমির তথ্য সংগ্রহ, ভূমি উন্নয়ন কর পরিশোধ এবং অনলাইনে ই-নামজারির আবেদন করতে পারবেন। পাশাপাশি ভূমির মালিকানা-সংক্রান্ত তথ্যের নির্ভরযোগ্যতা বাড়বে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৫ সালে প্রাক্‌-পাইলট কার্যক্রমের মাধ্যমে এ উদ্যোগের যাত্রা শুরু হয়। পরবর্তী সময়ে আটটি জেলায় পাইলট প্রকল্প বাস্তবায়ন করা হয়। দ্বিতীয় পর্যায়ে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে কার্যক্রম সম্প্রসারণ করা হয়। এ পর্যন্ত ১১টি জেলার ৩৩৪টি ইউনিয়ন ভূমি অফিসের প্রায় ১ কোটি ৩৩ লাখ হোল্ডিং ও খতিয়ানের রেকর্ড ডিজিটাল করা হয়েছে। নতুন চুক্তির মাধ্যমে এ কার্যক্রম ৬১টি জেলায় সম্প্রসারিত হবে।

প্রকল্পের আওতায় শুধু ভূমির রেকর্ড ডিজিটাল করাই নয়, বিদ্যমান রেকর্ডের অসংগতিও শনাক্ত করা হবে। তথ্যের নির্ভুলতা নিশ্চিত করতে একাধিক ধাপে যাচাই, মাঠপর্যায়ে পর্যবেক্ষণ এবং ডিজিটাল পদ্ধতিতে তথ্যের মান নিয়ন্ত্রণ করা হবে।

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, আধুনিক, স্বচ্ছ ও নাগরিকবান্ধব ভূমিসেবা নিশ্চিত করতে নির্ভুল ডিজিটাল ভূমি রেকর্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ অংশীদারত্ব ভূমিসংক্রান্ত বিরোধ ও অনিয়ম কমানোর পাশাপাশি নাগরিকদের ভোগান্তি ছাড়াই নির্ভরযোগ্য সেবা পেতে সহায়তা করবে।

অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী এবং ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস উদ্যোগটির গুরুত্ব তুলে ধরেন। এ সময় ইউএনডিপি বাংলাদেশের সিনিয়র ন্যাশনাল কনসালট্যান্ট মো. আতিকুল হক প্রকল্পের বাস্তবায়ন পরিকল্পনা উপস্থাপন করেন।

এসএস

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত