জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর অংশ হিসেবে আগামীকাল সোমবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে তাঁর।
তবে বৈঠকের সময় ও স্থান এখনও চূড়ান্ত হয়নি। নাশকতাবিরোধী ঐক্য গড়ে তোলার লক্ষ্যেই এ আলোচনা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
এর আগে গত ১৮ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের পরই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ নেওয়া হয়।
সম্প্রতি দেশজুড়ে অগ্নিসংযোগ, হামলাসহ বিভিন্ন সহিংসতার ঘটনায় আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এসব ঘটনার মধ্যে থানায় অগ্নিসংযোগ এবং একাধিক সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়ার ঘটনাও রয়েছে।
এ ছাড়া সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পৃথক এসব নাশকতা ও হামলার ঘটনায় বিএনপির একাধিক নেতাসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এসএস
