সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

চবির হলে মাদক সেবনের অভিযোগে আটক ৮

চবি প্রতিনিধি
[news_photocard_button text="Your custom text"]

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ ফরহাদ হোসেন হলে অভিযান চালিয়ে একটি কক্ষ থেকে মাদক সেবনের অভিযোগে আটজনকে আটক করেছে হল প্রশাসন। এ সময় কক্ষটি থেকে গাঁজা, ইলেকট্রনিক সিগারেট, বিয়ারের বোতলসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কক্ষটি সিলগালা করা হয়েছে। একই ব্লকের অন্য একটি কক্ষে অভিযান চালাতে গিয়ে দুই হাউস টিউটরকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে দুই শিক্ষার্থীর বিরুদ্ধে।

২০ নভেম্বর, শুক্রবার সন্ধ্যায় হলের সি ব্লকের ৬১২ নম্বর কক্ষে এ অভিযান চালানো হয়। পরে একই ব্লকের ১০৪ নম্বর কক্ষে অভিযান পরিচালনার সময় ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

হল প্রশাসন ও প্রক্টরিয়াল সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা ৬১২ নম্বর কক্ষে অভিযান চালান। এ সময় কক্ষটিতে সাত শিক্ষার্থী ও একজন অতিথিকে মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায় বলে দাবি প্রশাসনের। পরে কক্ষটি থেকে গাঁজা, ইলেকট্রনিক সিগারেট, বিয়ারের বোতলসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ ঘটনায় কক্ষটি সিলগালা করে দিয়েছে হল প্রশাসন। পাশাপাশি অভিযুক্ত শিক্ষার্থীদের আবাসিক আসন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মাদক সেবনের অভিযোগে আটক শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্মিত রেমা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শাফিউস জামান অয়ন, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের মিনহাজুল ইসলাম, আধুনিক ভাষা ইনস্টিটিউটের শাওন খান এবং ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের ইজনূর সায়মুন। এ ছাড়া সমাজতত্ত্ব বিভাগের ফাহিম আহমেদ শাহিদ ও মো. মাহাবুব রহমান এবং অতিথি কামরুল ইসলামও ওই কক্ষে ছিলেন।

অন্যদিকে, একই ব্লকের ১০৪ নম্বর কক্ষে অভিযান চালাতে গেলে দুই হাউস টিউটরকে ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে দুই শিক্ষার্থীর বিরুদ্ধে। তারা হলেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নাজমুল হাসান এবং ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ইবরাজ হাসান মাহমুদ সামি।

তবে অভিযুক্ত শিক্ষার্থীদের দাবি, সংশ্লিষ্ট শিক্ষকদের চিনতে না পেরে তারা নিজেদের কক্ষে প্রবেশে বাধা দিয়েছিলেন।

এ বিষয়ে হলের প্রভোস্ট অধ্যাপক ড. এইচ. ফারুক বলেন, ‘আমাদের প্রক্টর মাদকের বিষয়টি জানান। পরে হাউস টিউটর ও প্রক্টরিয়াল বডির সদস্যরা আসেন। অভিযান চালিয়ে গাঁজা, মাদক সেবনের সরঞ্জামসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। কক্ষটি সিলগালা করে দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের আবাসিক আসন বাতিল করা হবে।’

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, ‘প্রভোস্টের অনুমতি নিয়ে নিরাপত্তা বাহিনীসহ সি ব্লকের ৬১২ নম্বর কক্ষে যাই। সেখানে আটজনকে মাদক সেবনরত অবস্থায় পাই। গান-বাজনার কথা বলে তারা সেখানে মাদক সেবন করছিলেন। কক্ষের চারটি টেবিলে কোনো বই পাওয়া যায়নি, মাদক পাওয়া গেছে। কাঁচা গাঁজা, ইলেকট্রনিক সিগারেটসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। সেখানে বিয়ারের বোতলও পাওয়া গেছে।’

তিনি আরও বলেন, ‘কক্ষটি সিলগালা করা হয়েছে। আবাসিক আসনের বিষয়ে হল প্রশাসন সিদ্ধান্ত নেবে। অ্যাকাডেমিক শাস্তি দেওয়া হবে কি না, তা বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত নেবে। অন্য একটি কক্ষে অভিযান চালানোর সময় এক শিক্ষার্থী আমাদের হাউস টিউটরকে শিক্ষার্থী ভেবে কক্ষে প্রবেশে বাধা দিতে ধাক্কা দিয়েছিলেন।’

এসএস

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত