সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

এসএসসির ফল জালিয়াতি: চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রোগ্রামারসহ গ্রেপ্তার ৩

ডেস্ক রিপোর্ট
[news_photocard_button text="Your custom text"]

এসএসসি পরীক্ষার ফল জালিয়াতির অভিযোগে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রোগ্রামারসহ তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বুধবার রাতে সিআইডির ঢাকা হিনিয়াস ক্রাইম শাখার একটি দল অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পাঁচলাইশ থানায় সোপর্দ করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শিক্ষা বোর্ডের স্ক্যানিং বিভাগের কর্মী ফরহাদুল ইসলাম (২৯), শহিদুল আলম জিসান (২৭) ও প্রোগ্রামার মো. আবদুল মালেক (৫৬)। ফরহাদুল ইসলামের বাড়ি আনোয়ারা উপজেলায়, শহিদুল আলম জিসানের বাড়ি নগরের হালিশহরে। আবদুল মালেকের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে। তিনি বর্তমানে নগরের চকবাজার এলাকায় বসবাস করেন।

সিআইডির তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর রাসেল জানান, ফল জালিয়াতিতে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় ফলাফল প্রস্তুতের দায়িত্বে থাকা কম্পিউটার বিভাগের তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে কেউ কেউ ১৩ বছর ধরে একই দায়িত্বে রয়েছেন। এ ঘটনায় অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

থানার নথি অনুযায়ী, গ্রেপ্তারের পর তিনজনকে পাঁচলাইশ থানার হাজতে রাখা হয়। তাঁদের মধ্যে আবদুল মালেকের আগে থেকেই হৃদ্‌রোগের সমস্যা রয়েছে। তাঁর স্বজনেরা চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র নিয়ে থানায় আসেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ১০ বিষয়ে অকৃতকার্য এক শিক্ষার্থীর নম্বর পরিবর্তন করে পাস করানোর অভিযোগে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কম্পিউটার সেলের তিন কর্মচারী ও ওই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা হয়। বোর্ডের সচিব মামলাটির বাদী।

এজাহারে বলা হয়েছে, ওই শিক্ষার্থীর বাংলার প্রথম পত্রে ২৩ নম্বরকে ৩৩ এবং দ্বিতীয় পত্রে ২৪ নম্বরকে ৬২ করা হয়। ইংরেজির প্রথম পত্রে ৩৩ থেকে ৮৩ এবং দ্বিতীয় পত্রে ২০ থেকে ৮২ নম্বর বসানো হয়। এ ছাড়া গণিতে ৯-এর পরিবর্তে ৬৬, ইসলাম শিক্ষায় ৭-এর পরিবর্তে ৬৪, উচ্চতর গণিতে শূন্যের পরিবর্তে ৪৬, পদার্থবিজ্ঞানে শূন্যের পরিবর্তে ৪৫, রসায়নে ১-এর পরিবর্তে ৪৬, জীববিজ্ঞানে ১-এর পরিবর্তে ৪৬ এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়ে ৪-এর পরিবর্তে ৬৫ নম্বর দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

এর আগেও চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফল জালিয়াতির অভিযোগ উঠেছিল। ওই ঘটনায় থানা-পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দিলেও নানা অসংগতি থাকায় আদালত তা গ্রহণ করেননি। ফলে ওই মামলার তদন্ত নিয়ে প্রশ্ন থেকে যায়।

পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, সিআইডির ঢাকা হিনিয়াস ক্রাইম শাখার পুলিশ পরিদর্শক মো. রাসেল পিপিএমের নেতৃত্বে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

ওসি মোজাম্মেল হক বলেন, এসএসসি পরীক্ষার ফল জালিয়াতির অভিযোগে এক শিক্ষার্থীসহ শিক্ষা বোর্ডের তিন কর্মচারীর বিরুদ্ধে মামলা হয়েছে। বোর্ডের সচিব মামলাটির বাদী।

এসএস

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত