সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
[news_photocard_button text="Your custom text"]

খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে রাষ্ট্রের পক্ষ থেকে সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেছেন, মুক্তিযোদ্ধারা সাহসিকতার সঙ্গে যে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন, সেই বাংলাদেশকে বিশ্বের দরবারে অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।

২১ নভেম্বর, শনিবার ঐতিহাসিক সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস হলে সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকার জন্য বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক খেতাবে ভূষিত হওয়া গৌরবের বিষয়। তবে একটি জাতির ইতিহাসে স্বাধীনতার জন্য লড়াই করে বিজয় অর্জনের গৌরব আরও বড়। এক জীবনে সবার পক্ষে এ গৌরব অর্জন সম্ভব হয় না। এ কারণেই বীর মুক্তিযোদ্ধারা অনন্য ও অসাধারণ।

অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, তাঁদের কেউ সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, আবার কারও পরিবারের সদস্য মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সবাই মুক্তিযুদ্ধের গৌরবের অংশীদার।

তারেক রহমান বলেন, লাখো মানুষের প্রাণ, অসংখ্য মা-বোনের সম্ভ্রম, আহত মানুষের আর্তনাদ ও পঙ্গুত্বের বিনিময়ে আজকের স্বাধীন বাংলাদেশ অর্জিত হয়েছে। ঐতিহাসিক সশস্ত্র বাহিনী দিবসে তিনি মুক্তিযুদ্ধের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে আহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতি ও সমবেদনা প্রকাশ করেন।

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়াকে রাষ্ট্রের দায় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাঁদের সম্মানিত করার মধ্য দিয়ে রাষ্ট্র সেই দায় কিছুটা হলেও পূরণের চেষ্টা করেছে।

নিজেকে একজন মুক্তিযোদ্ধার সন্তান উল্লেখ করে তারেক রহমান বলেন, এ অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে তিনি নিজেও গর্বিত। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের যেকোনো গৌরব ও সাফল্য তাঁকেও আন্দোলিত করে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমান সশস্ত্র বাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন, এটিও সশস্ত্র বাহিনীর জন্য গর্বের বিষয়।

প্রধানমন্ত্রী আরও বলেন, জনগণের রায়ে বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, ততবারই মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। মুক্তিযুদ্ধের গৌরবগাথা সমুন্নত রাখা এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণ নিশ্চিত করতে ২০০১ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন। ২০০২ সালে প্রণয়ন করা হয় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন।

বয়সের ভারে অনেক মুক্তিযোদ্ধা ক্লান্ত হয়ে পড়লেও তাঁদের চোখে স্বাধীনতার দীপ্তি এখনো জ্বলজ্বল করছে উল্লেখ করে তিনি বলেন, দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা জীবন্ত কিংবদন্তিদের আনুষ্ঠানিকভাবে সম্মান জানাতে সশস্ত্র বাহিনী বিভাগ প্রতিবছর যে উদ্যোগ গ্রহণ করে আসছে, তা প্রশংসনীয়।

তারেক রহমান বলেন, ঐতিহাসিক সশস্ত্র বাহিনী দিবসে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার ও স্বাধীনতাপ্রিয় দেশবাসীর কাছে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। মুক্তিযোদ্ধাদের প্রতিষ্ঠিত স্বাধীন বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত বর্তমান বাস্তবতায় বিশ্বের দরবারে অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে সরকার কাজ করবে। মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে রাষ্ট্রের সম্মান ও সহযোগিতার ধারা অব্যাহত থাকবে।

এসএস

[ad_nfYePqtZ]

সম্পর্কিত