মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬

হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার কণ্ঠশিল্পী মমতাজ

ডেস্ক রিপোর্ট
[news_photocard_button text="Your custom text"]

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেন্দ্রিক রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

১৬ নভেম্বর, সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে এ আদেশ দেন। একই মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রূপনগর থানার ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক রমজান আলী মাদবরকেও গ্রেপ্তার দেখানো হয়েছে। এদিন ভার্চ্যুয়ালি তাদের আদালতে হাজির করা হয়।

প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, গত ১১ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. হাফিজুল ইসলাম মমতাজ বেগম ও রমজান আলী মাদবরকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, তারা আওয়ামী লীগের সক্রিয় নেতা-কর্মী। মামলার এজাহারভুক্ত অন্য আসামিদের সহযোগিতায় তারা ঘটনার সঙ্গে জড়িত ছিলেন বলে বিশ্বস্ত সূত্রে তথ্য পাওয়া গেছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের গ্রেপ্তার দেখানো প্রয়োজন।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরের ফলপট্টি এলাকায় অবস্থান করছিলেন ওমর ফারুক শাকিলসহ তার কয়েকজন সহকর্মী। এ সময় আন্দোলনকারীদের হত্যার উদ্দেশ্যে আওয়ামী লীগের নেতা-কর্মীরা অতর্কিতে গুলিবর্ষণ করেন।

অভিযোগে আরও বলা হয়, এ সময় মামলার এক নম্বর এজাহারনামীয় আসামি ও ১২ নম্বর ওয়ার্ড যুবলীগের অস্ত্রধারী ক্যাডার মো. স্বাধীন অস্ত্র উঁচিয়ে গুলি ছোড়েন। এতে ওমর ফারুক শাকিলসহ কয়েকজন গুলিবিদ্ধ হন। গুরুতর আহত শাকিলকে উদ্ধার করে আগারগাঁওয়ের নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর তার নাকের ওপরে ও ডান চোখের নিচে সেলাই ও ব্যান্ডেজ করা হয়।

৭ আগস্ট পর্যন্ত ওই হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকরা। পরে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর শাকিলকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে তার আরেক দফা অস্ত্রোপচার করা হয়।

এ ঘটনায় ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর ওমর ফারুক শাকিলের বাবা বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলাটি দায়ের করেন।

এসএস

[ad_nfYePqtZ]

সম্পর্কিত