সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

পাকিস্তানে পৃথক অভিযানে নিহত ২৪ জঙ্গি, মেজরসহ ৪ সেনাসদস্যের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
[news_photocard_button text="Your custom text"]

পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানে ২৪ জন সশস্ত্র গোষ্ঠীর সদস্য নিহত হয়েছেন। একই সময়ে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ ও হামলায় সেনাবাহিনীর একজন মেজরসহ চার সদস্য নিহত হয়েছেন। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

১৪ নভেম্বর, শনিবার আইএসপিআর জানায়, বেলুচিস্তানের কোলপুর, কারদাগাপ ও নুশকি এলাকায় ১৩ নভেম্বর থেকে একাধিক অভিযান চালানো হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে কোয়েটা-তাফতান জাতীয় মহাসড়কেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আইএসপিআরের দাবি, ১৩ ও ১৪ নভেম্বরের মধ্যবর্তী রাতে কোলপুর এলাকায় অভিযানে আত্মঘাতী হামলাকারীসহ আটজন সশস্ত্র গোষ্ঠীর সদস্য নিহত হন। এ সময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

তবে পরদিন টহলরত সেনাবাহিনীর একটি যানবাহন লক্ষ্য করে অস্ত্রসজ্জিত কোয়াডকপ্টার দিয়ে হামলা চালানো হয়। এতে মেজর ওমর মিনহাস নাসির ও হাবিলদার মুহাম্মদ আদনান খান নিহত হন। নিহত মেজর ওমর চাকওয়াল জেলার এবং হাবিলদার আদনান কোটলি সাতিয়ান এলাকার বাসিন্দা ছিলেন।

অন্যদিকে, খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তানের মির আলী, দত্তা খেল ও আলি খেল এলাকায় পৃথক অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। আইএসপিআরের তথ্যমতে, এসব অভিযানে মোট ১৬ জন সশস্ত্র গোষ্ঠীর সদস্য নিহত হয়েছেন। এর মধ্যে আলি খেল এলাকায় ১২ জন এবং মির আলী ও দত্তা খেল এলাকায় দুজন করে নিহত হন। নিহতদের মধ্যে দুই আফগান নাগরিকও রয়েছেন বলে দাবি করেছে সংস্থাটি।

এসব অভিযানের পাশাপাশি সংঘর্ষে উত্তর ওয়াজিরিস্তানে আরও দুই সেনাসদস্য নিহত হন। তাঁরা হলেন ৪৩ বছর বয়সী হাবিলদার আসমত আলী ও ৩২ বছর বয়সী নায়েক আফতাব আলী। আসমত আলীর বাড়ি সোয়াবি এবং আফতাব আলী মর্দান জেলার বাসিন্দা। এ নিয়ে দুই প্রদেশের পৃথক ঘটনায় পাকিস্তানি সেনাবাহিনীর নিহত সদস্যের সংখ্যা দাঁড়িয়েছে চারজনে।

পাকিস্তানি সামরিক বাহিনীর দাবি, বেলুচিস্তানে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলো ড্রোন, বিস্ফোরক ও আধুনিক প্রযুক্তিগত সরঞ্জাম ব্যবহার করে বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্যবস্তু করছে। এসব গোষ্ঠীকে ‘ফিতনা আল-হিন্দুস্তান’ ও ‘ফিতনা আল-খাওয়ারিজ’ নামে অভিহিত করে তাদের ভারত-সমর্থিত বলেও দাবি করেছে আইএসপিআর। তবে এ অভিযোগের পক্ষে স্বাধীন কোনো প্রমাণ প্রতিবেদনে উপস্থাপন করা হয়নি।

আইএসপিআর আরও অভিযোগ করেছে, ভারত ও অন্যান্য শত্রুভাবাপন্ন গোয়েন্দা সংস্থা এসব গোষ্ঠীকে আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে। পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী প্রস্তুত রয়েছে উল্লেখ করে সংস্থাটি জানিয়েছে, সশস্ত্র গোষ্ঠীগুলোর উপস্থিতি নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

এ ছাড়া পাকিস্তানের ‘আজম-ই-ইস্তেহকাম’ সন্ত্রাসবিরোধী কর্মসূচির আওতায় দেশজুড়ে এ ধরনের অভিযান চালানো হবে বলে জানিয়েছে আইএসপিআর। নিহত সেনাসদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি সন্ত্রাসবাদ নির্মূলে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

সূত্র: জিও নিউজ ও আইএসপিআর

এসএস

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত