রবিবার, নভেম্বর ২২, ২০২৬

ফলন বাড়াতে কীটনাশকের যথেচ্ছ ব্যবহার, ফটিকছড়িতে মানা হচ্ছে না অপেক্ষাকাল

মো. আজগর আলী, ফটিকছড়ি
[news_photocard_button text="Your custom text"]

চট্টগ্রামের ফটিকছড়িতে শীতকালীন সবজির আবাদ বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রাসায়নিক কীটনাশকের ব্যবহার। পোকামাকড়ের আক্রমণ ঠেকাতে অনেক কৃষক সপ্তাহে দুই থেকে তিনবার পর্যন্ত জমিতে কীটনাশক প্রয়োগ করছেন। কিন্তু কীটনাশক ব্যবহারের নির্ধারিত মাত্রা ও ফসল সংগ্রহের আগে বাধ্যতামূলক অপেক্ষাকাল মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এতে বাজারে আসা সবজিতে ক্ষতিকর রাসায়নিকের অবশিষ্টাংশ থেকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ঝুঁকিতে পড়তে পারে জনস্বাস্থ্য। পাশাপাশি হালদা নদীর চর ও তীরবর্তী কৃষিজমিতে রাসায়নিকের ব্যবহার নিয়ে পরিবেশগত উদ্বেগও বাড়ছে।

সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বেগুনসহ বিভিন্ন শীতকালীন সবজি চাষে ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে রাসায়নিক বালাইনাশক। পোকামাকড়ের আক্রমণ থেকে ফসল রক্ষায় কৃষকেরা ঘন ঘন কীটনাশক স্প্রে করছেন। তবে কীটনাশক প্রয়োগের পর ফসল সংগ্রহের আগে নির্ধারিত সময় অপেক্ষা করা হচ্ছে কি না, সে বিষয়ে অনেক কৃষকের স্পষ্ট ধারণা নেই।

উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের কৃষক মো. একলাস সাম্পান ফল চাষে অতিরিক্ত কীটনাশক ব্যবহারের কথা স্বীকার করেন। তিনি বলেন, কীটনাশকের অতিরিক্ত ব্যবহারে পরাগায়নে সহায়তাকারী মৌমাছি ও ভ্রমরজাতীয় পোকামাকড়ের উপস্থিতি কমে গেছে। এতে যথাযথ পরাগায়ন না হওয়ায় সাম্পান ফলের প্রথম দফার উৎপাদন আশানুরূপ হয়নি।

উপজেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছর ফটিকছড়িতে প্রায় ২ হাজার ৮০০ হেক্টর জমিতে আগাম জাতের সবজি চাষ হয়েছে। গত বছর শুধু বেগুনের আবাদ হয়েছিল প্রায় ৬৮০ হেক্টর জমিতে। কাঞ্চননগর ছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় এবং হালদা নদীর চর ও তীরবর্তী জমিতে ব্যাপকভাবে উৎপাদিত হচ্ছে নানা ধরনের শাকসবজি।

কাঞ্চননগর, নাজিরহাট পৌরসভা, খিরাম ও সুয়াবিলসহ উপজেলার উত্তর ও দক্ষিণাঞ্চলের কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এসব এলাকায় বেগুনের আবাদ বেশি। জমি উঁচু হওয়ায় বর্ষায় পানি জমে না। ফলে চাষাবাদে সুবিধা হয়। তবে বেগুনে ফল ছিদ্রকারী পোকার আক্রমণ বেশি হওয়ায় নিয়মিত কীটনাশক প্রয়োগ করতে হয় বলে জানান কৃষকেরা।

এক কৃষক জানান, প্রতি বিঘা জমিতে বেগুন চাষে খরচ হয় ৭০ থেকে ৮০ হাজার টাকা। উৎপাদিত বেগুন বিক্রি করে সাধারণত ১ লাখ ৪০ হাজার থেকে ১ লাখ ৬০ হাজার টাকা পাওয়া যায়। কখনো আয় দুই লাখ টাকাও ছাড়িয়ে যায়। তাঁর ভাষ্য, এক কাঠা বা আড়াই শতক জমিতে দেড় থেকে দুই কেজি পর্যন্ত দানাদার কীটনাশক ব্যবহার করতে হয়। এরপরও পোকামাকড়ের আক্রমণ পুরোপুরি ঠেকানো যায় না। এ কারণে সপ্তাহে দুই থেকে তিন দিন তরল কীটনাশক স্প্রে করতে হয়।

স্থানীয় কৃষক লোকমান ও বেলাল বলেন, বেগুনের ফল ছিদ্রকারী পোকা দমনে সবচেয়ে বেশি কীটনাশক ব্যবহার করতে হয়। কৃষি কর্মকর্তারা নির্ধারিত মাত্রায় কীটনাশক ব্যবহারের পরামর্শ দিলেও তাতে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না বলে দাবি তাঁদের। এ কারণে অনেক কৃষক নিজেদের অভিজ্ঞতার ভিত্তিতে বাজার থেকে বিভিন্ন ধরনের কীটনাশক কিনে ব্যবহার করেন।

কৃষিবিজ্ঞানের ভাষায়, প্রি-হারভেস্ট ইন্টারভ্যাল বা পিএইচআই হলো কীটনাশক প্রয়োগের পর ফসল সংগ্রহের আগে নির্ধারিত অপেক্ষাকাল। কীটনাশকের সক্রিয় উপাদান ও ফসলের ধরন অনুযায়ী এ সময়সীমা ভিন্ন হয়। নির্ধারিত সময়ের আগে ফসল সংগ্রহ ও বাজারজাত করা হলে সবজিতে কীটনাশকের ক্ষতিকর অবশিষ্টাংশ থেকে যেতে পারে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের এক গবেষণায় বেগুনে সাইপারমেথ্রিন প্রয়োগের সাত দিন পরও প্রতি কেজিতে ০.০২২ মিলিগ্রাম কীটনাশকের অবশিষ্টাংশ পাওয়া যায়। ওই গবেষণায় নির্দিষ্ট পরীক্ষার ক্ষেত্রে কীটনাশকটির অপেক্ষাকাল নির্ধারণ করা হয়েছিল চার দিন।

এ ছাড়া বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) গবেষকেরা ২০২৪ সালে দেশের আটটি অঞ্চলের বাজার থেকে বেগুন ও শিমের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেন। ২৬টি বেগুনের নমুনার মধ্যে ১৫টিতে কীটনাশকের অবশিষ্টাংশ পাওয়া যায়। এর মধ্যে সাতটি নমুনায় অবশিষ্টাংশের মাত্রা সর্বোচ্চ অবশিষ্টাংশসীমা (এমআরএল) অতিক্রম করে। নমুনাগুলোতে সাইপারমেথ্রিন, ডায়াজিনন ও কুইনালফসের উপস্থিতি পাওয়া যায়। গবেষণায় বেগুনের ২৬ দশমিক ৯২ শতাংশ নমুনায় সর্বোচ্চ অবশিষ্টাংশসীমা অতিক্রমকারী কীটনাশকের উপস্থিতি শনাক্ত হয়। তবে ওই গবেষণায় ফটিকছড়ির কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন বলেন, বেগুনের সব ফল পোকামাকড়মুক্ত রাখার চেষ্টা থেকেই অনেক কৃষক প্রয়োজনের তুলনায় বেশি কীটনাশক ব্যবহার করেন। অথচ সমন্বিত বালাই ব্যবস্থাপনা বা আইপিএম পদ্ধতির লক্ষ্য সব পোকা নির্মূল করা নয়; বরং ফসলের অর্থনৈতিক ক্ষতি এড়ানোর মতো পর্যায়ে পোকা নিয়ন্ত্রণ করা।

তিনি বলেন, এ পদ্ধতিতে উপকারী পোকামাকড় সংরক্ষণ, ফেরোমন ফাঁদ স্থাপন, আক্রান্ত ফল অপসারণ ও জৈব বালাইনাশক ব্যবহারের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী রাসায়নিক বালাইনাশক প্রয়োগ করা হয়। এতে অপ্রয়োজনীয় কীটনাশকের ব্যবহার কমিয়ে নিরাপদ সবজি উৎপাদন সম্ভব। কীটনাশকের ধরনভেদে ফসল সংগ্রহের আগে চার দিন, সাত দিন বা তারও বেশি সময় অপেক্ষা করতে হতে পারে।

ফটিকছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক বলেন, অনেক কৃষক ব্লকে নিয়োজিত উপসহকারী কৃষি কর্মকর্তাদের পরামর্শ না মেনে কীটনাশক বিক্রেতাদের কথামতো বালাইনাশক প্রয়োগ করেন। প্রতিযোগিতামূলক বাজারে বিক্রি বাড়াতে কোনো কোনো বিক্রেতা একাধিক কোম্পানির কীটনাশক ব্যবহারের পরামর্শ দেন। আবার নিম্নমানের কীটনাশক ব্যবহারে ক্ষতিকর পোকার পাশাপাশি উপকারী পোকামাকড়ও মারা যেতে পারে। এতে পরিবেশদূষণের পাশাপাশি খাদ্যে কীটনাশকের অবশিষ্টাংশ থাকার ঝুঁকি তৈরি হয়।

তিনি আরও বলেন, কীটনাশকের ধরন, মাত্রা ও প্রয়োগপদ্ধতির ওপর ঝুঁকির মাত্রা নির্ভর করে। কৃষকদের নির্ধারিত মাত্রা অনুসরণ এবং কৃষি কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী বালাইনাশক ব্যবহারে সচেতন করা হচ্ছে।

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল আলম বলেন, শাকসবজি ও ফলমূল শরীরের জন্য উপকারী। তবে কীটনাশকের ক্ষতিকর অবশিষ্টাংশযুক্ত খাবার দীর্ঘদিন গ্রহণ করলে স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। বিশেষ করে শিশু ও গর্ভবতী নারীদের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন।

তিনি আরও বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উৎপাদন পর্যায় থেকেই অতিরিক্ত কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে। শুধু বাজারে সবজি পৌঁছানোর পর পরীক্ষা করলেই হবে না, কৃষকদের সঠিক পদ্ধতিতে কীটনাশক প্রয়োগ ও অপেক্ষাকাল মেনে চলা নিশ্চিত করা জরুরি।

ফটিকছড়ির কৃষিজমির একটি অংশ হালদা নদীর চর ও তীরবর্তী এলাকায় অবস্থিত। এসব জমিতে ব্যবহৃত রাসায়নিক বালাইনাশক বৃষ্টির পানি ও জমির নিষ্কাশনব্যবস্থার মাধ্যমে নদী বা খালে পৌঁছানোর আশঙ্কা রয়েছে। এতে জলজ প্রাণী, মাছের প্রজনন ও নদীর জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হতে পারে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও হালদা গবেষক অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরীয়া বলেন, হালদা নদী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক রুইজাতীয় মাছের প্রজননক্ষেত্র। নদীর পানিতে কীটনাশকসহ বিভিন্ন রাসায়নিক দূষণ জলজ পরিবেশের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। এতে মাছের স্বাভাবিক প্রজনন ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। নদীর চরে চাষাবাদে কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণে নজরদারি ও জনসচেতনতা বাড়ানো প্রয়োজন।

এসএস

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত