বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানি করা কাঁচামাল দিয়ে উৎপাদিত পণ্য রপ্তানির ঘোষণা দিয়েও বাস্তবে স্থানীয়ভাবে সংগ্রহ করা ভিন্ন পণ্য রপ্তানির চেষ্টা করেছে চট্টগ্রামের একটি প্রতিষ্ঠান। এ ঘটনায় সরকারের প্রায় ১ কোটি ৭১ লাখ টাকার রাজস্ব ফাঁকির অপচেষ্টা উদ্ঘাটন করেছে চট্টগ্রাম কাস্টম হাউস।
এ ঘটনায় সীতাকুণ্ডের ভাটিয়ারীর জাহানাবাদে অবস্থিত নিয়ালকো অ্যালয়েজ লিমিটেডের একটি রপ্তানি চালান আটক করা হয়েছে। চালানটিতে ঘোষিত পণ্যের পরিবর্তে জাহাজের ১০টি প্রপেলার স্ক্র্যাপ পাওয়া গেছে।
১৪ নভেম্বর, শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস, আইসিডি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস কমিশনারের নির্দেশনায় গত ১২ নভেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে চট্টগ্রামের গোল্ডেন কনটেইনার লিমিটেড নামের একটি অফডকে অভিযান চালায় কাস্টমসের প্রিভেন্টিভ টিম। এ সময় রপ্তানিকারক প্রতিষ্ঠান নিয়ালকো অ্যালয়েজ লিমিটেডের একটি পণ্যচালান শতভাগ কায়িক পরীক্ষা করা হয়।
পরীক্ষায় চালানটির ঘোষিত ‘সর্টেড কপার’ পণ্যের পরিবর্তে জাহাজের ১০টি প্রপেলার স্ক্র্যাপ পাওয়া যায়। জাপানগামী এ চালানের ঘোষিত মূল্য ছিল ৩ লাখ ২৬ হাজার ৫৬০ মার্কিন ডলার।
কাস্টমসের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, প্রতিষ্ঠানটি বন্ড সুবিধার আওতায় কাঁচামাল হিসেবে কপার স্ক্র্যাপ ও কপার অ্যালয় স্ক্র্যাপ শুল্কমুক্তভাবে আমদানি করেছিল। এসব কাঁচামাল দিয়ে উৎপাদিত ‘সর্টেড কপার’ রপ্তানির ঘোষণা দিয়ে বিল অব এক্সপোর্ট দাখিল করা হয়। কিন্তু কায়িক পরীক্ষায় ঘোষিত পণ্যের পরিবর্তে স্থানীয়ভাবে সংগৃহীত জাহাজের প্রপেলার স্ক্র্যাপ রপ্তানির চেষ্টা ধরা পড়ে।
কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা কাঁচামাল দিয়ে উৎপাদিত পণ্য রপ্তানি না করে ভিন্ন উৎস ও প্রকৃতির পণ্য রপ্তানির চেষ্টা করা হয়েছে। প্রাথমিকভাবে এ ঘটনাকে বন্ড সুবিধার অপব্যবহার এবং শুল্ক-কর ফাঁকির অপচেষ্টা হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এ ঘটনায় চূড়ান্ত প্রতিবেদন তৈরি এবং সংশ্লিষ্ট রাজস্ব ফাঁকির মামলা দায়েরের প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে কাস্টমস হাউস।
এসএস
