রবিবার, নভেম্বর ২২, ২০২৬

জঙ্গল সলিমপুরে জমি নিয়ে প্রতারণা, পুলিশ সুপারের বিরুদ্ধে অপপ্রচার: জেলা পুলিশ

নিজস্ব প্রতিবেদক
[news_photocard_button text="Your custom text"]

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে জমি কেনাবেচার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগ তুলেছে জেলা পুলিশ। একই সঙ্গে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জেলা পুলিশ সুপারের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগকে মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে সংস্থাটি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি গণমাধ্যমে জঙ্গল সলিমপুরের জমি-সংক্রান্ত একটি সংবাদ সম্মেলনের ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে মীর মো. হাসান নামের এক ব্যক্তি দাবি করেন, ২০১৮ সালে তিনি জঙ্গল সলিমপুরে ২১ শতক জমি কিনেছেন। ওই জমিতে বিজিবি ক্যাম্প স্থাপন করা হয়েছে। ক্যাম্প সরানোর দাবিতে মানববন্ধন করায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার তাঁকে হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

১৪ নভেম্বর, শনিবার এ বিষয়ে দেওয়া এক বক্তব্যে চট্টগ্রাম জেলা পুলিশ জানায়, সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগের সঙ্গে প্রকৃত তথ্যের অসংগতি রয়েছে। একটি স্বার্থান্বেষী গোষ্ঠীর প্ররোচনায় পুলিশের ভূমিকা বিতর্কিত করতে এমন বক্তব্য দেওয়া হয়েছে বলে তাদের ধারণা। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

জেলা পুলিশের দাবি, সম্প্রতি মীর মো. হাসান ও আসিফুল ইসলাম তাঁদের কেনা জমিতে বিজিবির অবস্থানের কারণ জানতে এবং এ বিষয়ে সহযোগিতা চাইতে পুলিশ সুপারের কার্যালয়ে যান। সেখানে তাঁদের জমির দলিল ও ভূমি-সংক্রান্ত তথ্য পর্যালোচনা করে দলিলে উল্লেখিত জমির পরিমাণ, দাগ নম্বর এবং বাস্তবে তাঁদের দখলে থাকা জমির অবস্থানের মধ্যে উল্লেখযোগ্য অসংগতি পাওয়া যায়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে তাঁরা জমির বন্দোবস্ত পাওয়ার সম্ভাবনা নিয়েও সহযোগিতা চান। তাঁদের জেলা প্রশাসন ও সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় থেকে জমির প্রকৃত মালিকানা, দখল, সীমানা ও বন্দোবস্ত-সংক্রান্ত তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হয়।

জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, জঙ্গল সলিমপুর মৌজার বিএস ১৯ নম্বর খতিয়ানের ২০১, ২৩৩ ও ২৪১ নম্বর দাগে ব্যক্তি মালিকানাধীন জমি রয়েছে। সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মো. ইয়াসিন ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে এসব দাগের কিছু জমি কেনেন। পরে ওই জমির ভিত্তিতে বিভিন্ন নামজারি খতিয়ানও তৈরি হয়।

তবে ভুক্তভোগীদের অভিযোগ, এসব জমির দলিল ও নামজারির কাগজপত্র দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়া হলেও অনেককে বাস্তবে বিএস ২০৩ নম্বর দাগের সরকারি খাসজমিতে বসতি স্থাপনের সুযোগ দেওয়া হয়েছে। অর্থাৎ, দলিলে এক দাগের ব্যক্তি মালিকানাধীন জমির উল্লেখ থাকলেও ক্রেতাদের বসতি ও স্থাপনা গড়ে উঠেছে অন্য দাগের সরকারি জমিতে।

পুলিশের তথ্য অনুযায়ী, ভুক্তভোগীদের চাপের মুখে ২০২৬ সালের ১৭ সেপ্টেম্বর ও ১ অক্টোবর মোট ৭৪টি দলিল সম্পাদন করা হয়। এর মধ্যে বিএস ২০১ নম্বর দাগে ৬৬টি দলিলে ২৪৬ দশমিক ৭৫ শতক, ২৩৩ নম্বর দাগে সাতটি দলিলে ২৭ শতক এবং ২৪১ নম্বর দাগে একটি দলিলে এক শতক জমির বিবরণ রয়েছে। সব মিলিয়ে জমির পরিমাণ ২৭৪ দশমিক ৭৫ শতক।

সংবাদ সম্মেলনে মীর মো. হাসান ২০১৮ সালে ২১ শতক জমি কেনার দাবি করলেও তাঁর দলিল অনুযায়ী, ২০২৬ সালের ১৭ সেপ্টেম্বর বিএস ২০১ নম্বর দাগে তিনি এক শতক জমির দলিল পেয়েছেন। ওই জমির নামজারি ও বাস্তব দখলও এখনো বুঝে পাননি বলে জানিয়েছে জেলা পুলিশ।

একইভাবে আসিফুল ইসলাম ২০১৭-১৮ সালে প্রায় ২৪ শতক জমি কেনার দাবি করলেও পুলিশের তথ্য অনুযায়ী, একই তারিখে বিএস ২০১ নম্বর দাগে তিনি চার শতক জমির দলিল পেয়েছেন।

অন্যদিকে, তাঁদের দাবি অনুযায়ী, সংশ্লিষ্ট এলাকায় দীর্ঘদিন ধরে তাঁরা জমির দখলে রয়েছেন এবং পাহাড় কেটে সমতল করার পাশাপাশি সীমানাপ্রাচীর নির্মাণ করেছেন। তবে প্রাথমিকভাবে তাঁদের দখল করা জমি বিএস ২০৩ নম্বর দাগের সরকারি খাসজমি বলে তথ্য পেয়েছে পুলিশ।

জেলা পুলিশের বক্তব্যে বলা হয়েছে, জঙ্গল সলিমপুরের মোট জমির প্রায় ৯০ শতাংশ সরকারি খাসজমি। দীর্ঘদিন ধরে সেখানে সরকারি জমি অবৈধভাবে দখল, পাহাড় কাটা, পরিবেশ ধ্বংস এবং জমি কেনাবেচার নামে প্রতারণার অভিযোগ রয়েছে বিভিন্ন অপরাধী চক্রের বিরুদ্ধে। এসব কর্মকাণ্ডে অনেক সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

পুলিশের দাবি, অতীতে অপরাধী চক্রের প্রভাবের কারণে সাংবাদিক, গণমাধ্যমকর্মী, জেলা প্রশাসন, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে দায়িত্ব পালনে বাধার মুখে পড়েছেন। দায়িত্ব পালনকালে এক র‍্যাব সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনাও ঘটেছে। এসব ঘটনা এলাকাটির নিরাপত্তা পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে।

বর্তমানে সরকারের উদ্যোগে জঙ্গল সলিমপুরের যোগাযোগব্যবস্থার উন্নয়ন, সরকারি জমির সুষ্ঠু ব্যবহার ও স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে একসঙ্গে ছয়টি সড়কের উন্নয়নকাজ চলছে। পাশাপাশি সরকারি কার্যক্রম বাস্তবায়ন, নিরাপত্তা নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করছে।

জেলা পুলিশ বলছে, এসব কার্যক্রমের উদ্দেশ্য সাধারণ মানুষের বৈধ সম্পত্তি দখল বা তাঁদের উচ্ছেদ করা নয়। বরং সরকারি খাসজমি অবৈধ দখলমুক্ত করা, প্রকৃত ভূমি মালিকদের অধিকার সুরক্ষা, অপরাধ দমন এবং স্থানীয় বাসিন্দাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

জেলা পুলিশের অভিযোগ, জঙ্গল সলিমপুরে ভূমি দখল ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযুক্ত ইয়াসিন ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট গোষ্ঠী সরকারি কার্যক্রম বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে জনমনে নেতিবাচক ধারণা তৈরির চেষ্টা চলছে।

এ ছাড়া অর্থের বিনিময়ে কিছু নারীকে ব্যবহার করে সাংবাদিকদের কাছে বিভ্রান্তিকর বক্তব্য ও কথিত ভুয়া কাগজপত্র উপস্থাপনের অভিযোগও করেছে পুলিশ।

জেলা পুলিশের ভাষ্য, পুলিশ সুপারের কার্যালয়ে জমির দলিল ও ভূমি-সংক্রান্ত অসংগতি জানার পরও সংবাদ সম্মেলনে হুমকির অভিযোগ তুলে ঘটনার পূর্ণ প্রেক্ষাপট আড়াল করা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের পেছনে জড়িত ব্যক্তি বা গোষ্ঠীকে শনাক্ত করে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

জঙ্গল সলিমপুরের বাসিন্দাদের উদ্দেশে জেলা পুলিশ বলেছে, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্ররোচনা, গুজব কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমের একতরফা প্রচারণায় বিভ্রান্ত হওয়া যাবে না। জমির প্রকৃত দাগ, খতিয়ান, দলিল, নামজারি ও মৌজা নকশা যাচাই করতে হবে। প্রতারণার শিকার হলে সংশ্লিষ্ট ভূমি অফিস, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছে সংস্থাটি।

একই সঙ্গে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর হাতিয়ার হিসেবে ব্যবহৃত না হওয়ার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

জেলা পুলিশ আরও জানিয়েছে, সরকারি সম্পত্তি রক্ষা, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত এবং অপরাধী চক্রের তৎপরতা দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে। জমি কেনাবেচার নামে প্রতারণা, সরকারি খাসজমি দখল, পাহাড় কাটা, ভয়ভীতি প্রদর্শন, অপপ্রচার ও সরকারি কাজে বাধা দেওয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য, জমির দলিল, ভূমি রেকর্ড ও বাস্তব পরিস্থিতি যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ।

এসএস

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত