চট্টগ্রামের ফটিকছড়ি সীমান্তে অভিযান চালিয়ে ছয়টি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৪০ হাজার টাকা।
৯ নভেম্বর, রোববার রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে উপজেলার রহমতপুর সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর অধীন রহমতপুর বিওপির একটি টহলদল।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রহমতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার রহমতপুর নামক স্থানে অভিযান চালিয়ে ছয়টি ভারতীয় গরু আটক করা হয়। আটক গরুগুলোর আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ৪০ হাজার টাকা।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে সীমান্তে নিরাপত্তা জোরদার এবং অবৈধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণে বিজিবির টহল ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্য, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
নাম প্রকাশে অনিচ্ছুক বিজিবির দায়িত্বশীল কর্মকর্তারা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক গরুগুলোর বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসএস
