চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ নভেম্বর, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় জেলা পুলিশের সিভিক সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম।
সভায় পুলিশ সদস্যদের কল্যাণ, কর্মপরিবেশের উন্নয়ন ও বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় পুলিশ লাইন্সের অব্যবহৃত ও পরিত্যক্ত জায়গা সংস্কার করে ব্যবহার উপযোগী করার পাশাপাশি সেখানে শাকসবজি ও ফলমূল চাষের উদ্যোগ নিতে সদস্যদের উৎসাহিত করেন পুলিশ সুপার। এতে অব্যবহৃত জমির সঠিক ব্যবহার, পুষ্টির চাহিদা পূরণ ও স্বনির্ভরতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, মনোবল ও কর্মস্পৃহা বাড়াতে নিয়মিত খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের নির্দেশনা দেন পুলিশ সুপার। পাশাপাশি প্রতিটি থানায় প্রয়োজনীয় ক্রীড়াসামগ্রী ও সরঞ্জাম সরবরাহের বিষয়েও নির্দেশ দেন।
সভায় পেশাগত দক্ষতা ও বিশেষ সাফল্যের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের পুরস্কার, সম্মাননাপত্র ও ক্রেস্ট দেওয়া হয়। ওয়ারেন্ট তামিল, মাদকদ্রব্য উদ্ধার, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন এবং অপরাধী ও পলাতক আসামি গ্রেপ্তারে উল্লেখযোগ্য অবদান রাখায় তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।
এ ছাড়া পুলিশ সদস্যদের উত্থাপিত বিভিন্ন সমস্যা ও অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন পুলিশ সুপার এবং সেগুলো সমাধানে তাৎক্ষণিক প্রয়োজনীয় পদক্ষেপ নেন। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে প্রচলিত নীতিমালা অনুসরণ এবং পেশাগত শৃঙ্খলা বজায় রাখার বিষয়েও তিনি সুস্পষ্ট নির্দেশনা দেন।
পুলিশ সুপার বলেন, পুলিশ সদস্যদের কল্যাণ, উন্নত কর্মপরিবেশ, শারীরিক সক্ষমতা ও মানসিক প্রশান্তি নিশ্চিত করা দক্ষ, সুশৃঙ্খল ও জনবান্ধব পুলিশ বাহিনী গঠনের অন্যতম পূর্বশর্ত।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার, সার্কেল অফিসার, কোর্ট ইন্সপেক্টর, টিআই (অ্যাডমিন), ডিআইও-১, আরআই, থানার অফিসার ইনচার্জ, বিভিন্ন ইউনিটের ইনচার্জসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এসএস
