চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায় কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী এক শিক্ষক দম্পতির মৃত্যু হয়েছে। ২৫ জুন, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে মুরাদপুর কনভেনশন হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের তালুকদার বাড়ির বাসিন্দা মো. নাজিম উদ্দিন (৪৮) ও তাঁর স্ত্রী তাসলিমা আক্তার (৪০)। তাঁদের মধ্যে নাজিম উদ্দিন নগরের চকবাজার ডিসি রোড এলাকার উইলস স্টার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এবং তাসলিমা আক্তার একই শিক্ষাপ্রতিষ্ঠানের উপাধ্যক্ষ ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেলে মোটরসাইকেলে করে যাওয়ার সময় একটি কাভার্ডভ্যান তাদের ধাক্কা দেয়। এতে স্বামী-স্ত্রী দুজনই গুরুতর আহত হন।
[ad_OwixA1az]প্রত্যক্ষদর্শী শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পথচারীদের সহায়তায় আহত দম্পতিকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মুরাদপুরের এন মোহাম্মদ কনভেনশন হলের সামনে একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।
নিহত দম্পতির মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এসএস
[ad_ujVHoYsI]
