কক্সবাজার থেকে চট্টগ্রামে আসার পথে এক পুলিশ সদস্যের কাছ থেকে জব্দ করা এক লাখ ইয়াবা গায়েবের অভিযোগ ওঠা চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে তাকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। পুলিশ পরিদর্শক জায়েদ নূরকে কোতোয়ালি থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।
১৭ জুন, বুধবার রাতে তাকে কোতোয়ালী থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক, প্রশাসন ও অর্থ) মো. ওয়াহিদুল হক চৌধুরী।
পুলিশ সূত্র জানায়, গত বছরের ৮ ডিসেম্বর কক্সবাজার থেকে চট্টগ্রামে আনা এক লাখ ইয়াবার চালান উদ্ধারের পর তা জব্দ না করে আত্মসাতের অভিযোগ ওঠে পুলিশের কয়েকজন সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশের তদন্তে কোতোয়ালী থানার ওসি আফতাব উদ্দিনের সংশ্লিষ্টতার অভিযোগ উঠে আসে।
[ad_OwixA1az]তদন্ত প্রতিবেদনে বলা হয়, তার নির্দেশেই উদ্ধার হওয়া ইয়াবার চালান আত্মসাৎ করা হয় এবং বহনকারীকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় বাকলিয়া থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ, এসআই আল-আমিন সরকার, এসআই আমির হোসেন ও এএসআই সাদ্দাম হোসেনসহ কয়েকজন পুলিশ সদস্যের সম্পৃক্ততার কথা তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ও ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। ইতোমধ্যে কনস্টেবল ইমতিয়াজ হোসেন এবং পরিদর্শক তানভীর আহমেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এসএস
[ad_ujVHoYsI]
