আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে ঝুঁকিপূর্ণ বাঁকগুলোতে সতর্কতামূলক লাল পতাকা স্থাপন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

১৬ মার্চ, রোববার সকাল সাড়ে ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে মহাসড়কের অতি ঝুঁকিপূর্ণ ৯টি বাঁকে এই সতর্কতামূলক লাল পতাকা স্থাপন করা হয়। প্রতিটি বাঁকে সারিবদ্ধভাবে উভয়মুখী ১০টি করে মোট ৯০টি লাল পতাকা স্থাপন করা হয়েছে।
বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলমের দিকনির্দেশনায় এবং চট্টগ্রাম জেলা সার্কেলের সরকারি পরিচালক (ইঞ্জিনিয়ারিং) উথুয়াইনু চৌধুরীর তত্ত্বাবধানে একটি টিম এ কার্যক্রম পরিচালনা করে।

যেসব স্থানে লাল পতাকা স্থাপন করা হয়েছে সেগুলো হলো— চুনতির শেষ সীমানায় বন্যপ্রাণী অভয়ারণ্য সংলগ্ন বাঁক, লোহাগাড়া–চুনতির জাঙ্গালিয়া বাঁক, চুনতির ডেপুটি বাজারের আগের ও পরের বাঁক, চুনতি ফরেস্ট অফিস সংলগ্ন বাঁক, লোহাগাড়া রাজাঘাটা বাঁক, সাতকানিয়া মিঠাদিঘী সংলগ্ন বাঁক, চন্দনাইশ খানহাট পুকুর সংলগ্ন বাঁক এবং পটিয়ার পাইরুল মাজার সংলগ্ন বাঁক।
বিআরটিএ কর্মকর্তারা জানান, ঈদকে কেন্দ্র করে বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক পর্যটক কক্সবাজারে যাতায়াত করবেন। এসব ঝুঁকিপূর্ণ বাঁকে স্থাপিত লাল পতাকা চালকদের সতর্ক থাকতে সহায়তা করবে এবং দুর্ঘটনা কমাতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এসএস



