চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের বৃন্দাবনহাট বাজারে অবৈধ মাটি কাটাকে কেন্দ্র করে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন।

৭ মার্চ শনিবার সন্ধ্যায় বৃন্দাবনহাট বাজারে স্থানীয় বিএনপির দলীয় কার্যালয় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি কাটাকে কেন্দ্র করে বিএনপির একাংশ ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে শনিবার বিকেলে কথা কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে।

সংঘর্ষে পাইন্দং ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক নজরুল,সহ-সাংগঠনিক সম্পাদক বশর,ইউনিয়ন ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক রিয়াদসহ অন্তত ৮ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। পরে তা দ্রুত সংঘর্ষে রূপ নেয়। এ সময় বাজার এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো আতঙ্কে বন্ধ হয়ে যায়।
স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করেন, অবৈধভাবে মাটি কাটাকে কেন্দ্র করে দলের ভেতরেই দ্বন্দ্ব তৈরি হয়েছে, যার জেরে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।
তবে বিষয়টি দ্রুত সমাধানের জন্য স্থানীয় নেতারা উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে।
খবর পেয়ে স্থানীয় লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
উল্লেখ্য, ফটিকছড়ির বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগ দীর্ঘদিনের। এ নিয়ে প্রশাসন বিভিন্ন সময় অভিযান চালিয়ে জরিমানা ও শাস্তিমূলক ব্যবস্থাও গ্রহণ করেছ।
এসএস



