আঙুল ভেঙে যাওয়ার কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার উইকেটকিপার ব্যাটার জশ ইংলিস।
ডারবানে প্রথম ওয়ানডেতে কিপিং করার সময় তার ডানহাতের মধ্যমায় আঘাত লাগে। তবুও কিপিং করে গেছেন তিনি এবং চার নম্বরে ব্যাট করতে নেমে ৮ বলে ৩ রান করেন।
কিন্তু পরে চোটের অবস্থা নিশ্চিত হওয়া গেছে। তাতে করে ২৭ সেপ্টেম্বর জোহানেসবার্গে ও ৩০ সেপ্টেম্বর পচেফস্ট্রমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে পারবেন না ইংলিস।
এমনকি ৯ অক্টোবর থেকে ডারবানে শুরু হতে যাওয়া বহুল প্রতীক্ষিত টেস্টেও তার খেলা নিয়ে শঙ্কা জেগেছে। অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াডে তিনি অ্যালেক্স ক্যারির ব্যাকআপ কিপার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। কিন্তু সুস্থ হয়ে উঠলে বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে একাদশে তাকে দেখাও যেতে পারে।
ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে নিশ্চিত করেছে, পার্থে নিজ বাড়িতে ফিরে যাবেন ইংলিস। সেখানে আরও মূল্যায়ন ও অগ্রগতি সাপেক্ষে টেস্ট সিরিজে তার থাকার বিষয়টি ভাবা হবে। বাকি দুই ওয়ানডের জন্য তার স্থলাভিষিক্ত কারো নাম ঘোষণা করেনি অস্ট্রেলিয়া। তবে সময়মতো সেরে না উঠলে টেস্ট সিরিজে তার বিকল্প খুঁজতে হবে।
ডারবানে ৬৭ রানে হেরে ওয়ানডে সিরিজ শুরু করেছে অস্ট্রেলিয়া। সিরিজ জিততে হলে বাকি দুটি ম্যাচেই দক্ষিণ আফ্রিকাকে তাদের হারাতে হবে।
এসএস
