বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
[ad_m4LjshC9]

সন্তানকে কুপিয়ে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে

ডেস্ক রিপোর্ট

টাঙ্গাইলের সখীপুরে সাড়ে ৩ বছরের ছেলে শিশু আশরাফুলকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মা আকলিমা বেগম বিরুদ্ধে। এ ঘটনায় মেয়ে সিদরাতুল (৮) নামে আরেক শিশু গুরুতর আহত হয়েছে। ঘটনার পর আকলিমা বেগমকে হেফাজতে নিয়েছে পুলিশ।

১৬ সেপ্টেম্বর, বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার খালিয়ার বাইদ (মুজিবনগর মোড়) এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সিদরাতুলকে গুরুতর অবস্থায় ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। নিহত আশরাফুল ও আহত সিরজাতুন ওই এলাকার শাহীন মিয়ার সন্তান।

[ad_OwixA1az]

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শাহীন মিয়া প্রায় ৩০ বছর আগে প্রথম বিয়ে করেন। ওই সংসারে কোনো সন্তান না থাকায় পরবর্তীতে প্রথম স্ত্রীর উদ্যোগে তিনি দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রী আকলিমা বেগমের ঘরে জন্ম হয় আশরাফুলের। তবে আকলিমা বেগম বেশিরভাগ সময় ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করতেন। এ কারণে আশরাফুলকে শাহীন মিয়ার প্রথম স্ত্রী নাসিমা লালন-পালন করতেন। শিশুটি নাসিমাকে ‘বড়মা’ বলে ডাকত। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আশরাফুল নিজের মাকেও ‘আন্টি’ বলে ডাকত।

স্থানীয়দের ধারণা, শিশুটি নিজের মাকে ‘আন্টি’ বলে ডাকায় আকলিমার মনে ক্ষোভ বা অভিমান তৈরি হয়ে থাকতে পারে। সেই ক্ষোভ থেকেই ঘটনা ঘটে থাকতে পারে বলে তারা মনে করছেন।

তবে পরিবারের সদস্যরা জানিয়েছেন, আকলিমা ও শাহীন মিয়ার মধ্যে কোনো পারিবারিক কলহ ছিল না। ফলে ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিহত আশরাফুলের বাবা শাহীন মিয়া বলেন, ‘প্রায় ৩০ বছর পর আল্লাহ আমাকে একটি পুত্রসন্তান দান করেছিলেন। সেই সন্তানকে আমার দ্বিতীয় স্ত্রী এভাবে নৃশংসভাবে হত্যা করেছে। এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। শুধু আমার সন্তানই নয়, আকলিমার আগের স্বামীর ঘরের মেয়ে সিদরাতুলকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।’

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বলেন, ঘটনাস্থল সখীপুর ও ভালুকা থানার মধ্যবর্তী এলাকায়। ঘটনার পর শিশুটিকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছিল। তার মরদেহ সেখানেই রয়েছে। এদিকে নিরাপত্তা ও চিকিৎসার স্বার্থে শিশুটির মাকে সখীপুর থানা-পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

এসএস

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]

সম্পর্কিত