শনিবার, নভেম্বর ১৪, ২০২৬

মুখে কালো কাপড় বেঁধে সংসদ ভবন থেকে বেরিয়ে গেল বিরোধীদল

ডেস্ক রিপোর্ট
[news_photocard_button text="Your custom text"]

জাতীয় সংসদের অধিবেশন থেকে পরপর দুই দফা ওয়াকআউট করেছেন বিরোধীদলের সংসদ সদস্যরা। পরে বিরোধীদলের কয়েকজন সদস্য মুখে কালো কাপড় বেঁধে সংসদ ভবন থেকে বের হয়ে প্রতিবাদ জানান।

৬ সেপ্টেম্বর, রোববার রাত ৮টার দিকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদ অধিবেশনে এ ঘটনা ঘটে।

‘সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬’, ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল’ এবং ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল’ নিয়ে বিরোধিতা জানিয়ে প্রথমে ওয়াকআউট করেন বিরোধীদলের সদস্যরা। কিছুক্ষণ পর তারা অধিবেশন কক্ষে ফিরে এলেও মানবাধিকার কমিশন বিল নিয়ে আলোচনা শুরু হলে আবারও ওয়াকআউট করেন।

ওয়াকআউটের আগে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, জাতীয় মানবাধিকার কমিশন বিলটি দুর্বলভাবে সংসদে আনা হয়েছে। এ কারণে বিরোধীদল বিলটির আলোচনায় অংশ নেবে না।

পরে সংসদের টানেলে সংবাদ সম্মেলন করেন বিরোধীদলের নেতারা। তারা দিনটিকে সংসদের জন্য ‘কালো দিন’ হিসেবে আখ্যায়িত করেন। একই সঙ্গে স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে বলেন, প্রস্তাবিত বিলগুলো জনগণের অধিকার ও স্বার্থের পরিপন্থী।

বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেন, বিরোধীদলীয় নেতা সংসদে বক্তব্য দিতে চাইলেও স্পিকার তাকে যথাযথ সুযোগ দেননি। তার দাবি, বিরোধীদলের মতামত উপেক্ষা করে সরকার তড়িঘড়ি করে গুম প্রতিরোধ ও প্রতিকার বিল এবং জাতীয় মানবাধিকার কমিশন বিল পাস করেছে।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সংসদীয় মুখপাত্র নজিবুর রহমান সম্পত্তি হস্তান্তর বিলেরও সমালোচনা করেন। তিনি বিলটিকে কোরআন ও সুন্নাহবিরোধী বলে দাবি করেন এবং স্পিকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।

বিরোধীদলের নেতারা অভিযোগ করেন, মানবাধিকার ও গুম প্রতিরোধসংক্রান্ত আইনগুলোকে শক্তিশালী করার পরিবর্তে দুর্বল করে পাস করা হয়েছে। তারা এসব আইনের বিরোধিতা অব্যাহত রাখার ঘোষণা দেন।

এরপর কয়েকজন বিরোধীদলীয় সংসদ সদস্য মুখে কালো কাপড় বেঁধে সংসদ ভবন থেকে বেরিয়ে যান।

এসএস

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত