চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।
৫ সেপ্টেম্বর, শনিবার দুপুর দেড়টার দিকে মহাসড়কের শাহসুফি মাজার গেট বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন লোহাগাড়া উপজেলার পদুয়া দক্ষিণ আমিরাবাদের তোফায়েল মুরছালীন (২৩) এবং চন্দনাইশ উপজেলার উত্তর কাঞ্চননগর ৫ নম্বর ওয়ার্ডের আব্দুল গফুর (৬০)। তোফায়েল বেগম ওসমান আরা কলেজ অব নার্সিংয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং আব্দুল গফুর ওই এলাকার মৃত কালু মিয়ার ছেলে।
[ad_OwixA1az]আহতরা হলেন সাতকানিয়া উপজেলার দক্ষিণ চরপাড়ার সানজিদা আক্তার সুমাইয়া (২৪), চন্দনাইশের হাশিমপুর ইউনিয়নের ভাই খলিফাপাড়ার আরিফ ইসলাম (৪০) এবং দক্ষিণ হারলা এলাকার সিএনজি অটোরিকশাচালক মো. সায়মন হোসেন খায়ের (২০)। সানজিদা বেগম ওসমান আরা কলেজ অব নার্সিংয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী তিশা প্লাটিনামা পরিবহনের একটি এসি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ পাঁচজন গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তোফায়েল মুরছালীনকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে আব্দুল গফুর মারা যান।
বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের চিকিৎসক ডা. এটিএম মনিরুল কবির বলেন, দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত চারজনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার এসআই আবদুস সাত্তার বলেন, বাস-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন।
তিনি জানান, দুর্ঘটনাকবলিত বাসটি আটক করে থানায় নেওয়া হয়েছে। বাসচালক সোলাইমান বাদশাকেও আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসএস
[ad_ujVHoYsI]
