শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
[ad_m4LjshC9]

বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ

ডেস্ক রিপোর্ট

বিদ্যুৎ-গ্যাসের মূল্য ও সরবরাহ পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি অভিযোগ করেছেন, জনগণ টাকা দিয়েও ঠিকমতো বিদ্যুৎ-গ্যাস পাচ্ছে না, অথচ বাড়ছে বিলের পরিমাণ।

০৫ সেপ্টেম্বর, শনিবার দুপুরে কুমিল্লার পদুয়ার বাজারে ১১ দলীয় জোটের লংমার্চের পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, মানুষের বিদ্যুৎ ও গ্যাস পাওয়ার অধিকার রয়েছে। তবে এসব সেবা সরকার বিনা মূল্যে দেয় না; জনগণ নিজের পকেটের টাকা দিয়েই তা কিনে নেয়। অথচ বিদ্যুৎ সরবরাহ ঠিক নেই। একসময় যে বিদ্যুৎ বিল ১ হাজার ২০০ টাকা ছিল, এখন তা বেড়ে ৪ হাজার টাকা হয়েছে। এই অতিরিক্ত অর্থ কোথায় যাচ্ছে, তার কোনো হিসাব জনগণ এখনো পায়নি।

[ad_OwixA1az]

বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পারায় বিদ্যুৎমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, ‘বিদ্যুৎ মন্ত্রী বিদ্যুতের পরিস্থিতি সামাল দিতে না পেরে আইসিইউতে চলে গেছেন, মাশাআল্লাহ।’

দেশের বর্তমান পরিস্থিতিকে সংকটময় উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, নির্বাচনের পর সবকিছু ঠিক হয়ে যাবে—এমন আশ্বাস দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, দেশের মানুষ সংস্কার বোঝে না, তারা শুধু তিনবেলা ভাত চায়। কিন্তু ছয় মাস ক্ষমতায় থাকার পরও মানুষ সংস্কার পায়নি, বরং তাদের মৌলিক জীবনযাত্রাও কঠিন হয়ে পড়েছে।

তিনি বলেন, ‘বাসায় বিদ্যুৎ নাই, আসছে ভুতুড়ে বিল। গ্যাসের চুলায় আগুন নাই, গরিবের কাজ নাই। লাখ লাখ মানুষ কর্মসংস্থান হারাচ্ছে।’

আসিফ মাহমুদ আরও অভিযোগ করেন, নির্বাচনের আগে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণা চালানো হলেও নির্বাচনের পর জনগণকে দেওয়া প্রতিশ্রুতি ও গণভোটের রায় বাস্তবায়ন করা হয়নি।

পথসভায় উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, নির্বাচনে কারচুপির মাধ্যমে তারা ক্ষমতায় এসেছে। তবে জনগণ ১১ দলীয় জোটকে সমর্থন দিয়েছে বলে দাবি করেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, ‘কোনো ধরনের হামলা-মামলা, হুমকির ভয় না করে ১১ দলীয় জোট আপনাদের প্রতিবাদের ভাষা হয়ে থাকবে।’

২০২৪ সালের আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওই বছরের ১১ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথম প্রতিরোধ গড়ে তুলেছিল। শিক্ষার্থীরা বিশ্বরোড অবরোধ করেছিল। এ কারণে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুমিল্লার মানুষকে পছন্দ করতেন না এবং তাদের বঞ্চিত করতেন বলেও মন্তব্য করেন তিনি।

তাঁর ভাষায়, ‘কুমিল্লার মানুষ প্রতিদান দিয়েছে তাকে ভারতে পাঠিয়ে দিয়ে।’

কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমেদ, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ ১১ দলীয় জোটের নেতারা।

এসএস

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত