চট্টগ্রামের লোহাগাড়ায় কিশোর গ্যাংয়ের সদস্যদের ছুরিকাঘাতে নজরুল ইসলাম নামে এক স্কুলশিক্ষক গুরুতর আহত হয়েছেন। দুর্বৃত্তদের হামলায় তার শরীরের পাঁচ স্থানে জখম হয়েছে।
৪ সেপ্টেম্বর, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শহীদ মেজর নাজমুল হক সড়কে এ ঘটনা ঘটে।
আহত নজরুল ইসলাম ইকরা আবদুল জব্বার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। তিনি লোহাগাড়া সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উকিলের পাড়ার আবদুল গনির ছেলে। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
[ad_OwixA1az]নজরুল ইসলামের ভাই নাজিম উদ্দীন জানান, টিউশনি শেষে বাড়ি ফেরার পথে ৬-৭ জন দুর্বৃত্ত তার ভাইকে ঘিরে ধরে। কিছু বুঝে ওঠার আগেই তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন সুমন জানান, গত ২২ আগস্ট কিশোর গ্যাংয়ের সদস্যরা বিদ্যালয়ের এক ছাত্রকে তুলে নিয়ে যায়। ওই ঘটনার পর আহত শিক্ষক নজরুল ইসলামের ভাই ও বিদ্যালয়ের শিক্ষক নাজিম উদ্দীন তার সঙ্গে থানায় গিয়েছিলেন। এ কারণে কিশোর গ্যাংয়ের সদস্যরা নাজিম উদ্দীনের ওপর ক্ষুব্ধ ছিল বলে ধারণা করা হচ্ছে। সেই ক্ষোভ থেকেই নাজিম উদ্দীনকে লক্ষ্য করে নজরুল ইসলামকে হামলার শিকার করা হয়ে থাকতে পারে।
এদিকে ছেলের ছুরিকাঘাতের খবর শুনে নজরুল ইসলামের মা জাহানারা বেগম জ্ঞান হারান। পরে তাকে লোহাগাড়া সদরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় বলে জানিয়েছেন তার ফুফু আয়েশা বেগম।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোহাম্মদ হোসাইন আল ইমরান জানান, আহত শিক্ষককে হাসপাতালে আনা হলে তার শরীরের পাঁচ স্থানে গুরুতর জখমের চিহ্ন পাওয়া যায়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।
এসএস
[ad_ujVHoYsI]
