কক্সবাজারের চকরিয়া পৌরশহরের চিরিঙ্গায় সমবয়সী শিশুর ঘুষিতে তারেকুর রহমান (১০) নামে এক শিশু নিহত হয়েছে। ১৮ আগস্ট, মঙ্গলবার দিবাগত রাতে পৌরশহরের বাণিজ্যিক কেন্দ্র চিরিঙ্গাস্থ নামার চিরিঙ্গার বায়তুশ শরফ সড়কে এই ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, নিহতের বাড়ি চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের পুলেরছড়া এলাকায়। সে ওই এলাকার আবদুল মজিদ ও রোকসানা বেগমের ছেলে।
স্থানীয়রা জানান, পৌরশহরের নামার চিরিঙ্গার বায়তুশ শরফ সড়কের ওই পানের দোকানদার দাদার সঙ্গে দোকানে সময় দিত তারেক। মঙ্গলবার রাতে দোকান থেকে বের হয়ে পানি আনতে যায়।
[ad_OwixA1az]সেখানে সমবয়সী বন্ধুর সঙ্গে তুচ্ছ বিষয়ে কথা কাটাকাটি হয় এবং ওই বন্ধু সজোরে কানের কাছে ঘুষি মারে। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে রেফার করা হয় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে। কিন্তু পথিমধ্যে চট্টগ্রামের লোহাগাড়া এলাকায় পৌঁছলে তার মৃত্যু হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আরিফুর রহমান জানান, বিষয়টি সম্পর্কে তিনি এখনও অবগত নন। এ বিষয়ে খোঁজ নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়াসহ বিস্তারিত জানানো হবে।
এসএস
[ad_ujVHoYsI]
