চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার হিঙ্গুলী ইউনিয়নে সংঘটিত হত্যাচেষ্টার মামলায় জড়িত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের দেখানো স্থান থেকে একটি বিদেশি পিস্তল ও ৯ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
জোরারগঞ্জ থানা পুলিশ জানায়, গত ৩০ জুলাই, বৃহস্পতিবার হিঙ্গুলী ইউনিয়নে নাজিম নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় দায়ের করা মামলার তদন্তের অংশ হিসেবে অভিযান চালানো হয়। অভিযানে মামলার এজাহারভুক্ত দুই আসামি মো. বোরহান ও মো. রনিকে গ্রেফতার করা হয়।
পুলিশের দাবি, গ্রেফতারের পর আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে মো. বোরহানের বসতঘরের পাশে তার মালিকানাধীন একটি ওয়ার্কশপে তল্লাশি চালানো হয়। এ সময় ওয়ার্কশপের ভাঁজকৃত শাটারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা একটি বিদেশি পিস্তল এবং ৯ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
[ad_OwixA1az]পুলিশ জানায়, উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদের উৎস, এগুলো ব্যবহারের উদ্দেশ্য এবং এ ঘটনার সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা সংঘবদ্ধ অপরাধচক্রের সম্পৃক্ততা রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, সন্ত্রাস, অবৈধ অস্ত্র এবং সহিংস অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে। জিরো টলারেন্স নীতির আওতায় পেশাদারিত্ব, নিষ্ঠা ও দৃঢ়তার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে পুলিশ।
এসএস
[ad_ujVHoYsI]
