প্রায় ১৫ লাখ ৭৫ হাজার টাকার ৪৫০ বস্তা (২২ হাজার ৫০০ কেজি) ডিএপি সার এবং পাচারকাজে ব্যবহৃত কার্গো বোট জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় ২৩ পাচারকারীকেও আটক করা হয়েছে।
১ আগস্ট, শনিবার সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বহির্নোঙর এলাকায় ৩১ জুলাই, শুক্রবার কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে।
[ad_OwixA1az]এ সময় ওই এলাকায় সন্দেহজনক ২টি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে ২৩ পাচারকারীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে সার বহনকারী একটি কার্গো বোট পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলে অবস্থান করছে।
পরবর্তীতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম পতেঙ্গা ১৫ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় আরও একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে কার্গো বোটে থাকা পাচারকারীরা পালিয়ে যায়।
পরে কার্গো বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১৫ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ৪৫০ বস্তা (২২ হাজার ৫০০ কেজি) ডিএপি সার এবং পাচারকাজে ব্যবহৃত কার্গো বোট জব্দ করা হয়।
জব্দকৃত সার ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
তিনি বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
এসএস
[ad_ujVHoYsI]
