বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
[ad_m4LjshC9]

বায়েজিদে আদালতে বিচারাধীন জমি দখলের চেষ্টা ও হুমকির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় আদালতে বিচারাধীন ও আপোষ চিহ্নিত দখলীয় সম্পত্তি জবরদখল, হামলা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারের কাছে লিখিত আবেদন জানিয়েছেন ভুক্তভোগী বিবি ফাতেমাতুজ জোহরা। ২৮ জুলাই, মঙ্গলবার এ অভিযোগ করেন ভুক্তভোগী।

অভিযোগে তিনি উল্লেখ করেন, নগরের বায়েজিদ থানার পশ্চিম ষোলশহর মৌজার (আর.এস খতিয়ান নং- ১২৫৬, আর.এস দাগ নং- ১০৯) প্রায় ০.১০০০ একর জমি ও সেখানে অবস্থিত নির্মাণাধীন ভবন নিয়ে যুগ্ম জেলা জজ ৩য় আদালতে একটি দেওয়ানি মামলা (অপঃ ২৮৮/২০) বিচারাধীন রয়েছে। মামলাটি বর্তমানে বাদীপক্ষের জেরার জন্য দিন ধার্য থাকলেও বিবাদী পক্ষ আদালতে হাজির না হয়ে যোগসাজশে মিথ্যা তথ্য উপস্থাপন করে জমি ও ভবন অন্যত্র হস্তান্তরের চক্রান্ত করছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই ২০২৬ বিকেলে অভিযুক্ত সাইফুল ইসলাম চৌধুরী, রেকমুন্নেছা চৌধুরী, রোমা, আবু বক্কর ও মো. শফিসহ অজ্ঞাতনামা আরও ২০/২৫ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী পাজেরো, মাইক্রোবাস ও কারযোগে উক্ত সম্পত্তির সামনে অবস্থান নেয়।

[ad_OwixA1az]

অভিযোগকারীকে মোবাইল ফোনে মূল গেট খোলার জন্য চাপ দেওয়া হয়। গেট খুলতে না পারায় সন্ত্রাসীরা দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে ভবনটি দখলের চেষ্টা চালায় এবং বাসার বাসিন্দা ও ভাড়াটিয়াদের অকথ্য ভাষায় গালিগালাজসহ হত্যার হুমকি দেয়।

ভুক্তভোগীর দাবি, এ ঘটনার পর স্থানীয় বায়েজিদ বোস্তামী থানায় সাধারণ ডায়েরি (জিডি) বা অভিযোগ দিতে গেলে পুলিশ জমি সংক্রান্ত বিরোধের অজুহাতে আবেদন গ্রহণ করতে অস্বীকার করে। এতে তিনি ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

উক্ত ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বায়েজিদ থানা পুলিশকে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদানের জন্য সিএমপি কমিশনারের কাছে জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী।

এসএস

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত