মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
[ad_m4LjshC9]

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

ডেস্ক রিপোর্ট

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন (চুপ্পু)। স্বাস্থ্যগত কারণ উল্লেখ করে তিনি ২৪ জুলাই, শুক্রবার জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন।

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শারীরিক অসুস্থতার কারণেই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। পদত্যাগের বিষয়ে জানতে চাইলে রাষ্ট্রপতি সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, “এটা তো সর্বজনবিদিত। আমার মুখ থেকে শুনে কী লাভ? আই অ্যাম সিক, সো ইট ইজ ডান।”

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়া ও সার্বিক পরিস্থিতি নিয়ে শুক্রবার বিকেল ৫টায় জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে জাতীয় সংসদ সচিবালয়।

[ad_OwixA1az]

সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাতীয় সংসদ ভবনের পূর্ব ব্লকের লেভেল-১-এ অবস্থিত শপথকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির পদত্যাগ-পরবর্তী পরিস্থিতি এবং পরবর্তী করণীয় বিষয়ে বক্তব্য দেবেন।

সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক মো. রাশেদ মিজান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সংবাদ সম্মেলনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, চিকিৎসাজনিত সফরে থাইল্যান্ডে অবস্থানের পর শুক্রবার সকালে দেশে ফেরেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। দেশে ফিরেই রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণসহ সংশ্লিষ্ট সাংবিধানিক কার্যক্রমে অংশ নেন তিনি।

কয়েক দিন ধরেই রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছিল। শুক্রবার আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা ও গ্রহণের মধ্য দিয়ে সেই জল্পনার অবসান ঘটে।

এদিকে রাষ্ট্রপতির পদত্যাগের পর সংবিধান অনুযায়ী পরবর্তী দায়িত্ব পালনের বিষয়টি কীভাবে এগোবে, সে বিষয়ে স্পিকারের সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এসএস

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত