হাটহাজারীতে ঘরের সামনে পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত এক মাদ্রাসাছাত্র চার দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছে।
১৮ জুলাই, শনিবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত মোহাম্মদ আলিফ ফরহাদাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব মন্দাকিনী এলাকার বাসিন্দা মোহাম্মদ শাহেদের ছেলে।
[ad_OwixA1az]স্থানীয় সূত্র জানায়, গত ১৫ জুলাই বিকেলে বাড়ির সামনে থাকা একটি পেয়ারা গাছে ফল পাড়তে ওঠে আলিফ। গাছটির পাশ দিয়ে যাওয়া ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংস্পর্শে এসে সে গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে তার শরীরের বেশিরভাগ অংশ ঝলসে যায়।
ঘটনার পর স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে কয়েক দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার রাত প্রায় ৯টার দিকে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. সেলিম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হওয়ার পর থেকেই আলিফ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। শনিবার রাতে তার মৃত্যু হয়েছে।
স্থানীয় বাসিন্দা রহমত উল্লাহ চৌধুরী বলেন, বাড়ির সামনে পেয়ারা পাড়তে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। বিদ্যুতের তারের সংস্পর্শে আসায় সে গুরুতর দগ্ধ হয়েছিল। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
১৯ জুলাই, রোববার সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে আলিফকে দাফন করা হয়।
এসএস
[ad_ujVHoYsI]
