নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর জনসাধারণের জন্য সহজ যোগাযোগযোগ্য ও ভৌগোলিকভাবে যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে চট্টগ্রামের ফটিকছড়ি উত্তরাঞ্চলে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে।
হরতালের কারণে ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে সড়কের বিভিন্ন স্থানে শত শত যানবাহন আটকা পড়ে এবং যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।
আজ ১৬ জুলাই, বৃহস্পতিবার সকাল থেকে হরতালের সমর্থনে আন্দোলনকারীরা নারায়ণহাট, দাঁতমারা, বাগানবাজারসহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেন। এ সময় তারা সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও পিকেটিং কর্মসূচি পালন করেন।
[ad_OwixA1az]হরতালের ডাক দিয়েছে ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন সমন্বয় পরিষদ। সংগঠনটির দাবি, নতুন উপজেলার সদর দপ্তর এমন স্থানে স্থাপন করতে হবে, যাতে অন্তর্ভুক্ত ছয়টি ইউনিয়নের বাসিন্দারা সমানভাবে সহজে যাতায়াত করতে পারেন।
আন্দোলনকারীদের ভাষ্য, বর্তমানে ঘোষিত স্থানে সদর দপ্তর হলে অধিকাংশ মানুষের যাতায়াতে অতিরিক্ত সময় ও ব্যয় হবে। বিষয়টি পুনর্বিবেচনার দাবিতে তারা এর আগে মানববন্ধন, সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছেন।
তবে দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ না পাওয়ায় হরতালের মতো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন বলে জানান তারা। দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলেও সতর্ক করেন আন্দোলনের নেতারা।
হরতালের কারণে অধিকাংশ দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান ও গণপরিবহন বন্ধ থাকতে দেখা গেছে। এতে জনজীবনে এর সুস্পষ্ট প্রভাব পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
এসএস
[ad_ujVHoYsI]
