চট্টগ্রামে আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) প্রতিষ্ঠান ‘এক্সাবাইট লিমিটেড’ এবং গ্রাহক পর্যায়ের ইন্টারনেট সেবাদাতা (আইএসপিৃ) প্রতিষ্ঠান ‘ডিডিএন’ (ডিজিটাল ডট নেট) অফিসে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
১৩ জুলাই, সোমবার দুপুরে (আনুমানিক সাড়ে ১২টার দিকে) চকবাজার থানা এলাকায় সংঘটিত এই হামলায় পুরো অফিস ভাঙচুর ও ব্যাপক ক্ষয়ক্ষতিসহ নগদ লাখ লাখ টাকা লুট করা হয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, দুপুরে হঠাৎ ১৫-২০ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল দেশিয় ও বিদেশী অস্ত্রে সজ্জিত হয়ে অফিসে প্রবেশ করে। তারা মুহূর্তের মধ্যে অফিসের কম্পিউটার (পিসি), কর্মকর্তা-কর্মচারীদের মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান আসবাবপত্র ভাঙচুর করতে শুরু করে।
[ad_OwixA1az]ডিডিএনের পরিচালক রিদোয়ানুল কবির বলেন, “হঠাৎ ১৫-২০ জন দেশী-বিদেশী অস্ত্র নিয়ে অফিসে ঢুকে তাণ্ডব ও ভাঙচুর চালায়। এ সময় কর্মচারীদের বেতন দেওয়ার জন্য অফিসে রাখা নগদ ৩৫ লাখ টাকা তারা লুট করে নিয়ে যায়।”
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, মোটা অঙ্কের চাঁদা না দেওয়ায় এই পরিকল্পিত হামলা চালানো হয়ে থাকতে পারে।
রিদোয়ানুল কবির বলেন “কয়েকদিন আগে ডেবিড ইমন নামে একজন ফোন করে আমাদের কাছে এক কোটি টাকা চাঁদা দাবি করে। আমরা তার এই হুমকি পাত্তা দেইনি। আমাদের ধারণা, চাঁদা না পেয়েই এই সন্ত্রাসী হামলা চালানো হয়েছে।”
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর হোসেন মামুন বলেন, ‘হামলার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পরিদর্শন করেছে। এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে আমরা কাজ করছি। তদন্ত চলছে।’
ঘটনার পর থেকে ওই এলাকার ইন্টারনেট ব্যবসায়ী ও সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
[ad_ujVHoYsI]
