মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬
[ad_m4LjshC9]

কক্সবাজারে পাহাড়ধস: রোহিঙ্গা ক্যাম্পসহ ৯ জন নিহত

নিজস্ব প্রতিবেদক

টানা ভারী বর্ষণে কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্প ও শহরের বিভিন্ন এলাকায় ভয়াবহ পাহাড়ধসের ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন।

৫ জুলাই, রোববার রাত থেকে সকাল পর্যন্ত পৃথক চারটি ঘটনায় এসব প্রাণহানির ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রোহিঙ্গা ক্যাম্পে আটজন এবং কক্সবাজার শহরে একজন রয়েছেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, রোববার সকাল থেকে টানা ভারী বৃষ্টিপাতের ফলে পাহাড়গুলো নরম হয়ে পড়ে। এর জেরে গভীর রাতে একের পর এক পাহাড়ধসের ঘটনা ঘটে।

[ad_OwixA1az]

উখিয়া ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত ১টার দিকে উখিয়ার ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি বসতঘরের ওপর পাহাড় ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই মোহাম্মদ কামাল হোসেন (৪৪), তার স্ত্রী হুমাইরা বেগম (৩৯) এবং তাদের চার বছর বয়সী ছেলে মোহাম্মদ আনাস নিহত হন। ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করেন।

একই সময়ে কুতুপালংয়ের ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ি ঢলের কাদার নিচে চাপা পড়ে একরাম (৭) নামে আরও এক শিশুর মৃত্যু হয়।

এরপর রাত ৩টার দিকে উখিয়ার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আবারও পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে উম্মে হাবিবা (২৭), তার বোন তানজিনা আক্তার (১৩) এবং দুই শিশু ভাই রিহান (৫) ও হারুনুর রশিদ (৩) নিহত হয়। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। ফায়ার সার্ভিস সারা রাত উদ্ধার অভিযান চালিয়ে হতাহতদের উদ্ধার করে।

উখিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মো. মিজানুর রহমান জানান, টানা বৃষ্টির কারণে পাহাড়ধসের ঝুঁকি বেড়ে গেছে। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিংসহ বিভিন্নভাবে সতর্ক করা হচ্ছে।

অন্যদিকে, সোমবার ভোর সাড়ে ৪টার দিকে কক্সবাজার শহরের সাত্তার ঘোনা এলাকায় আলী আকবর (৫০)-এর বাড়ির ওপর পাহাড়ের একটি বড় অংশ ধসে পড়ে। এতে তিনি ও পরিবারের আরও দুই সদস্য মাটিচাপা পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আলী আকবরকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

এদিকে কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আবদুল হান্নান জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ এবং সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। সোমবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় কক্সবাজারে ২৫০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় আগামী আরও দুই দিন ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলেও তিনি জানান।

এসএস

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত