চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এস.এম রিয়াজ উদ্দিন চৌধুরীকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।
গত সোমবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটের সময় সদরঘাট থানা পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃত রিয়াজ উদ্দিন চৌধুরী চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার বৈলছড়ি (১নং ওয়ার্ড, গুরা মিয়া চৌধুরী বাড়ী) এলাকার মোঃ মাহফুজ আলী চৌধুরীর ছেলে। বর্তমানে তিনি ঢাকার মুগদা থানার উত্তর মুগদা এলাকায় বসবাস করছিলেন।
সদরঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মুহাম্মদ শরীফ এর নেতৃত্বে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ হাবিব সাত্তিরের সহযোগিতায় পুলিশের একটি দল এই বিশেষ অভিযান পরিচালনা করে। সদরঘাট থানার একটি নাশকতা ও ভাঙচুর মামলায় তদন্তে প্রাপ্ত সন্ধিগ্ধ আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে।
[ad_OwixA1az]পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সদরঘাট থানায় দায়েরকৃত মামলা নং-০৬ (তারিখ: ২২/০৮/২০২৪ইং) এর অধীনে তদন্ত চলছিল। মামলাটি দণ্ডবিধির ১৮৬০-এর ১৪৭, ১৫২, ৪৪৭, ৪৪৮, ৩৫৩, ৪৩৬, ৩৭৯, ৩৮০, ৪২৭, ৩৪ ধারাসহ ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় রুজু করা হয়েছিল। বেআইনি জনতা, সরকারি কাজে বাধা, অগ্নিসংযোগ, চুরি ও সরকারি সম্পত্তি ভাঙচুরসহ বিশেষ ক্ষমতা আইনের নাশকতার অভিযোগ রয়েছে এই মামলায়।
আসামির রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড পর্যালোচনা করে পুলিশ জানায়, এস.এম রিয়াজ উদ্দিন চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের সাবেক সভাপতি (২০০৯-২০১২) এবং বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি (২০১২-২০১৪) হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে ২০২১ সালে তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ছিলেন।
গ্রেপ্তারের পর আসামির ব্যবহৃত মোবাইল ফোনটি প্রাথমিক পর্যালোচনা করে পুলিশ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে। তার মোবাইলে সক্রিয় থাকা একাধিক রাজনৈতিক হোয়াটসঅ্যাপ গ্রুপের সন্ধান মিলেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— ‘বাংলাদেশ ছাত্রলীগ সাবেক ও বর্তমান’, ‘বাঁশখালী উপজেলা আওয়ামী লীগ’ এবং ‘কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ’। এসব গ্রুপে তার সাংগঠনিক ও রাজনৈতিক যোগাযোগের বিষয়ে পুলিশ আরও তদন্ত করছে।
এসএস
[ad_ujVHoYsI]
