শনিবার, জুন ১৩, ২০২৬
[ad_m4LjshC9]

নিজের পরিচয় দিয়েও রেহাই পাননি নাঈম, অভিযুক্ত ৩ পুলিশ সদস্য ক্লোজড

নিজস্ব প্রতিবেদক

ঢাকা প্রিমিয়ার লিগ খেলে চট্টগ্রামে ফিরে ডিবি পুলিশের পরিচয়ে মারধর ও হয়রানির শিকার হয়েছেন জাতীয় ক্রিকেট দলের অফস্পিনার নাঈম হাসান। এ ঘটনায় অভিযুক্ত এক এসআইসহ তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।

১২ জুন, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে নগরের লালখানবাজার ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে। পরে আহত নাঈম একটি হাসপাতালে চিকিৎসা নেন। বর্তমানে তিনি নিজ বাসায় রয়েছেন।

নাঈম হাসান অভিযোগ করেন, বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব হওয়ায় সিএনজিচালিত অটোরিকশায় করে বাসায় ফিরছিলেন। পথে লালখানবাজার এলাকায় পুলিশ তার বহনকারী সিএনজি থামিয়ে চালকের কাগজপত্র যাচাই করে। তিনি নিজ থেকেই ব্যাগ তল্লাশির প্রস্তাব দিলেও একপর্যায়ে একজন পুলিশ সদস্য তার গলা চেপে ধরে গাড়িতে তুলতে চান।

[ad_OwixA1az]

নাঈম বলেন, “আমি প্রতিবাদ করে সরে আসার চেষ্টা করলে তারা পাইপ ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে। সেখানে দুই পুলিশ সদস্য ও পাঞ্জাবি পরা একজন ব্যক্তি ছিলেন, যিনি নিজেকে ডিবির সোর্স বা কর্মকর্তা হিসেবে পরিচয় দেন।”

তার দাবি, ঘটনাস্থলে উপস্থিত লোকজন তার ক্রিকেটার পরিচয় নিশ্চিত করলেও মারধর বন্ধ হয়নি। বরং তাকে ‘আসামি’ বলে ধমক দেওয়া হয়। পরে তাকে খুলশী থানায় নেওয়া হয়।

থানায় গিয়ে মোবাইল ফোন হাতে পেয়ে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল এর সঙ্গে যোগাযোগ করেন। তামিম ইকবাল তাৎক্ষণিকভাবে খুলশী থানার ওসি ও নাঈমের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এ বিষয়ে নগর পুলিশের উপকমিশনার (ডিসি) মো. আমিরুল ইসলাম বলেন, “নাঈম হাসান অবশ্যই ন্যায়বিচার পাবেন। পুলিশ সদস্য যেই হোক না কেন, এ ঘটনায় আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করব। পুলিশের ভাবমূর্তির প্রশ্নে কোনো ধরনের অন্যায় বরদাশত করা হবে না।”

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, “অভিযানের বিষয়ে এসআই শফিকুল ইসলাম আমাকে অবহিত করেননি। থানায় আনার পর আমরা নাঈমের পরিচয় জানতে পারি। পরে তার কাছে দুঃখ প্রকাশ করা হয় এবং সম্মানের সঙ্গে তাকে চলে যেতে অনুরোধ করা হয়।”

ওসি আরও জানান, ঘটনার পর এসআই শফিকুল ইসলাম, কনস্টেবল রাসেল এবং অভিযানে অংশ নেওয়া আরও এক কনস্টেবলকে তাৎক্ষণিকভাবে ক্লোজ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এসএস

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত