শনিবার, জুন ১৩, ২০২৬
[ad_m4LjshC9]

চাকসুর দাবিতে চবি শাটলে যুক্ত হলো নতুন বগি

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা উন্নত করতে শাটল ট্রেনে নতুন বগি সংযোজন করা হয়েছে। চাকসুর দাবির প্রেক্ষিতে পুরোনো একটি শাটল ট্রেনের বগি পরিবর্তন করে ১০ বগির সংস্কারকৃত ট্রেন উদ্বোধন করা হয়েছে।

১১ জুন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় নতুন বগিসংবলিত শাটল ট্রেনটির উদ্বোধন করা হয়। এর আগে সকাল ৭টায় চট্টগ্রামের বটতলী রেলওয়ে স্টেশনে আয়োজিত অনুষ্ঠানে ট্রেনটির উদ্বোধন করেন মোহাম্মদ আল্-ফোরকান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দীসহ বিশ্ববিদ্যালয় প্রশাসন, রেলওয়ে কর্তৃপক্ষ ও চাকসুর নেতারা।

[ad_OwixA1az]

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, দায়িত্ব গ্রহণের তিন মাসের মধ্যেই বিশ্ববিদ্যালয়ে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হয়েছে। দীর্ঘদিনের পুরোনো বগিগুলো পরিবর্তন করে নতুন বগিসমৃদ্ধ শাটল ট্রেন চালু করা সম্ভব হয়েছে। শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চাকসুর যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক মো. ইসহাক ভূঁঞা বলেন, বিশ্ববিদ্যালয়ে বর্তমানে দুটি শাটল ট্রেন চলাচল করে। এর মধ্যে একটি ট্রেনের সব পুরোনো বগি পরিবর্তন করে নতুন ও সংস্কারকৃত বগি সংযোজন করা হয়েছে। আগের বগিগুলোতে ফ্যান, লাইট, সিলিং ও ফ্লোরসংক্রান্ত নানা সমস্যা থাকায় শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হতো। নতুন বগিগুলোতে এসব সমস্যার সমাধান করা হয়েছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও আরামদায়ক পরিবহন নিশ্চিত করতে দীর্ঘদিন ধরে কাজ করা হয়েছে। নতুন বগি সংযোজন সেই প্রচেষ্টারই ফল।

চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি বলেন, নতুন বগিসমৃদ্ধ শাটল ট্রেন চালু হওয়া শিক্ষার্থীদের জন্য সুখবর। অন্য ট্রেনটির কিছু বগিও পর্যায়ক্রমে পরিবর্তনের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি শিক্ষার্থীদের ক্রমবর্ধমান চাপ বিবেচনায় নতুন আরেকটি শাটল ট্রেন চালুর দাবিও প্রশাসনের কাছে জানানো হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।

এসএস

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]

সম্পর্কিত