শনিবার, জুন ৬, ২০২৬
[ad_m4LjshC9]

সংঘবদ্ধ সাইবার চক্রের ২ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

মোবাইল হ্যাক করে ব্যাংক হিসাব,বিকাশ ও নগদ থেকে অ্যাপস থেকে অর্থ হাতিয়ে নেওয়া একটি চক্রের মূলহোতাসহ ২ প্রতারককে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১টি ল্যাপটপ, ৪টি মোবাইল ফোন, ১৮টি বিকাশ রেজিস্ট্রেশনকৃত সিম, ৮টি ব্যাংক চেক বই, ৩টি ব্যাংক কার্ডসহ গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, ইকবাল ও রুবেল।

৫ জুন বিকালে চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার মাসুদ আলম।

জেলা পুলিশ সুপার জানান, গত ৭ এপ্রিল বিকালে দোকানে থাকা অবস্থায় সাতকানিয়া উপজেলার ছদাহা এলাকার মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) ব্যবসায়ী মোহাম্মদ জামাল উদ্দিনের ব্যবহৃত মোবাইল ফোন হঠাৎ অস্বাভাবিক আচরণ করতে শুরু করে এবং একপর্যায়ে বন্ধ হয়ে যায়। পরবর্তীতে মোবাইল চালু হলে তিনি দেখতে পান তার ব্যবহৃত বিকাশ, নগদ ও বিভিন্ন ব্যাংকিং অ্যাপস মোবাইল থেকে উধাও হয়ে গেছে।

[ad_OwixA1az]

কিছু বুঝে ওঠার আগেই তার ইউসিবি ব্যাংকের বিভিন্ন হিসাব থেকে প্রায় সাড়ে সাত লাখ টাকা বিভিন্ন ব্যাংক হিসাব এবং বিকাশ ও নগদ নম্বরে স্থানান্তর হয়ে যায়। বিষয়টি টের পেয়ে তিনি সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন এবং বুঝতে পারেন যে তিনি একটি সংঘবদ্ধ সাইবার প্রতারক চক্রের শিকার হয়েছেন।

এ ঘটনায় সাতকানিয়া থানায় মামলা রুজু হলে পুলিশ সুপারের নির্দেশনায় চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তদন্ত শুরু করে। ডিজিটাল বিশ্লেষণ, তথ্যপ্রযুক্তির সহায়তা এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রতারক চক্রের মূলহোতা মো. ইকবালসহ আরও কয়েকজনের সংশ্লিষ্টতা পায় পুলিশ।

পরবর্তীতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে চক্রটির প্রধান ইকবাল ও রুবেলকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার আরও বলেন, প্রাথমিক তদন্তে জানা যায়, চক্রটি প্রথমে ভুক্তভোগীদের Gmail ও অন্যান্য অনলাইন অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ গ্রহণ করত। এরপর ব্যাংকিং ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) অ্যাকাউন্টে প্রবেশ করে বিকাশ, নগদসহ বিভিন্ন প্ল্যাটফর্মে অর্থ স্থানান্তর করত। আত্মসাৎকৃত অর্থ একাধিক স্তরে স্থানান্তরের মাধ্যমে আড়াল করে পরবর্তীতে অনলাইন জুয়া, গরু ব্যবসা এবং অন্যান্য অবৈধ কার্যক্রমে ব্যবহার করা হতো।

চক্রটি দীর্ঘ দিন ধরে দেশের বিভিন্ন এলাকায় সক্রিয় রয়েছে। চক্রের প্রধান ইকবালের বিরুদ্ধে ফেনী ও নোয়াখালী জেলায় একই ধরনের অপরাধে একাধিক মামলা রয়েছে। সহযোগি রুবেলের বিরুদ্ধেও প্রতারণা সংক্রান্ত মামলা রয়েছে।

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]

সম্পর্কিত