রক ও পপ সংগীতের কিংবদন্তী আজম খানকে স্মরণে বিশেষ আয়োজন করেছে চ্যানেল আই। বাংলা ব্যান্ড সংগীতের পথিকৃৎ শিল্পীর ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রচারিত হবে বিশেষ আয়োজন ‘ট্রিবিউট টু গুরু আজম খান’।
আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হবে রক অ্যান্ড পপ গুরু আজম খানের সংগীত, জীবনসংগ্রাম, শিল্পীসত্তা এবং তার রেখে যাওয়া অসাধারণ উত্তরাধিকার। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে আজম খানের প্রতিষ্ঠিত ব্যান্ড ‘উচ্চারণ’। ব্যান্ডটির সদস্যরা পরিবেশন করবেন গুরুর জনপ্রিয় ও কালজয়ী গানগুলো। পাশাপাশি তারা অংশ নেবেন বিশেষ আলাপচারিতায়, যেখানে উঠে আসবে আজম খানের সংগীতজীবনের নানা স্মৃতি, তার শিল্পভাবনা, সংগ্রাম এবং বাংলা ব্যান্ড সংগীতে তার অনন্য অবদানের গল্প।
বিশেষ আয়োজনে আজম খানের মুক্তিযুদ্ধকালীন ভূমিকা, স্বাধীনতা–পরবর্তী সাংস্কৃতিক আন্দোলনে তার সম্পৃক্ততা, বাংলা রক সংগীতের বিকাশে তার পথিকৃতের ভূমিকা এবং ‘উচ্চারণ’ ব্যান্ডের ইতিহাসও তুলে ধরা হবে বিস্তারিতভাবে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইফতেখার মুনিম এবং উপস্থাপনা করেছেন অপু মাহফুজ।
[ad_OwixA1az] [ad_ujVHoYsI]
