মঙ্গলবার, জুন ২, ২০২৬

সাগরিকা ফ্লাইওভারে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের সাগরিকা ফ্লাইওভারে ঝুলন্ত অবস্থায় আবু কায়সার (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা দাবি করে বিভিন্ন পোস্ট ছড়িয়ে পড়ায় ঘটনাটি নিয়ে নগরজুড়ে আলোচনা তৈরি হয়েছে।

১২ মে, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টা থেকে ভোর ৪টার মধ্যে স্থানীয়দের দেওয়া খবরে ঘটনাস্থলে যায় পাহাড়তলী থানা-পুলিশ। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবারই তার দাফন সম্পন্ন হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দাবি করা হয়, নিহত কায়সার আকবর শাহ থানা ছাত্রলীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ছিলেন। কেউ কেউ ঘটনাটিকে পরিকল্পিত হত্যা বলেও অভিযোগ তুলেছেন এবং বিচার দাবি করেছেন।

তবে পুলিশ বলছে, এখন পর্যন্ত হত্যার কোনো আলামত পাওয়া যায়নি।

পাহাড়তলী থানার সেকেন্ড অফিসার মাসুদুর রহমান জানান, ফ্লাইওভারে ঝুলন্ত মরদেহের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বিষয়টি আত্মহত্যা বলে ধারণা করা হলেও প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের পশ্চিম বিভাগের উপকমিশনার আলমগীর হোসেন বলেন, “সুরতহাল রিপোর্টে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কেউ কেউ তাকে ছাত্রলীগ নেতা দাবি করছেন। তবে যার মরদেহ উদ্ধার হয়েছে তিনি বিএসআরএমে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন।”

তিনি আরও জানান, ঘটনাটির প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আবসার বলেন, আবু কায়সার ফিরোজশাহ কলোনিতে ভাড়া বাসায় থাকতেন। তারা তিন ভাই। পরিবারের পক্ষ থেকে তার রাজনৈতিক পরিচয় সম্পর্কে কোনো তথ্য পুলিশকে জানানো হয়নি।

এসএস

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত