শনিবার, মে ৩০, ২০২৬

চবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ‘অপতৎপরতা’ রোধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের যেকোনো ধরণের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা ও অপতৎপরতা রুখে দিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

১১ মে, সোমবার দুপুর ১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক ও চাকসু ভবন এলাকা প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। চবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিনের নেতৃত্বে এই কর্মসূচিতে প্রায় দেড় শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সমাবেশে সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন বলেন, গত কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করছি, নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ ক্যাম্পাসকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। তাদের এই অপতৎপরতা সাধারণ শিক্ষার্থীরা কোনোভাবেই মেনে নেবে না। ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে ক্যাম্পাসে সর্বদা সজাগ রয়েছে এবং যেকোনো মূল্যে তাদের ষড়যন্ত্র রুখে দেওয়া হবে।

যুগ্ম-সাধারণ সম্পাদক হাসান আহমেদ বক্তব্যে বলেন, ছাত্রদল এই ক্যাম্পাসে সন্ত্রাসী ছাত্রলীগ কিংবা ‘গুপ্তলীগ’—কারোরই কোনো কার্যক্রম চলতে দেবে না। আমরা সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং তাদের সাথে নিয়েই ছাত্রলীগের সকল অপতৎপরতা প্রতিহত করতে আমরা মাঠে আছি।

সমাবেশ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কড়া নজরদারি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। বক্তারা বলেন, বিগত ১৭ বছরে যারা সাধারণ শিক্ষার্থীদের ওপর অমানুষিক নির্যাতন ও অত্যাচার চালিয়েছে, তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ক্যাম্পাসকে নিরাপদ রাখতে প্রশাসনকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান ছাত্রদল নেতারা।

বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চবি ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক শাফায়াত হোসেন, মোস্তাফিজুর রহমান, নুজহাত জাহানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী।

এসএস

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত