চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে তফসিল ঘোষণার পর মনোনয়ন ফরম সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপিপন্থিদের বিরুদ্ধে। এতে তফসিল অনুযায়ী সময়ের মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারেননি আইনজীবীরা। এ সময় আইনজীবী সমিতির ভবন উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করে।

৪ মে, সোমবার বিকেল ৩টা থেকে মনোনয়ন বিতরণ শুরু হওয়ার কথা থাকলেও কাউকে মনোনয়ন সংগ্রহ করতে দেওয়া হয়নি।
তবে বিএনপি সমর্থিত আইনজীবীদের দাবি, বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ সমর্থিত কোনো প্যানেলের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই।

সরেজমিনে দেখা যায়, বিকেল ৩টার দিকে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা মনোনয়ন ফরম সংগ্রহ করতে যান আইনজীবী সমিতি ভবনের লাইব্রেরি কক্ষে। সেখানে বিএনপিপন্থি আইনজীবীরা কক্ষের দরজা বন্ধ করে দেন, যাতে কেউ প্রবেশ করতে না পারেন। এ সময় সেখানে পাল্টাপাল্টি মিছিল দিতে শুরু করেন আইনজীবীরা। বিএনপি সমর্থিত আইনজীবীদের উদ্দেশ্যে ভোট চোর, ভোট চোর স্লোগান দেন আওয়ামীপন্থিরা। তখন ফ্যাসিস্ট বলে পাল্টা স্লোগান দিতে দেখা যায় কয়েকজনকে।
আওয়ামী লীগ-সমর্থক প্যানেল থেকে সভাপতি প্রার্থী আবদুর রশিদ জানান, মনোনয়নপত্র সংগ্রহ করতে গিয়ে তাদের বার লাইব্রেরিতে ঢুকতে দেওয়া হয়নি। এতে তারা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেননি। তিনি দাবি করেন তারা সাধারণ আইনজীবী হিসেবে নির্বাচনে অংশ নিতে চেয়েছেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানিয়েছেন, মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে প্রধান নির্বাচন কমিশনার রওশন আরার মুঠোফোনে একাধিকবার কল দিলেও সাড়া পাওয়া যায়নি।
এসএস



