শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

ইপিজেডে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, নারীসহ গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের ইপিজেড থানাধীন এলাকায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

২৪ এপ্রিল, শুক্রবার ভুক্তভোগী তরুণী ইপিজেড থানায় হাজির হয়ে অভিযোগ দায়ের করলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ভুক্তভোগী তরুণী সিইপিজেডের একটি গার্মেন্টসে চাকরি করতেন। চাকরির সুবাদে তিনি ইপিজেডের ব্যারিস্টার কলেজ এলাকার একটি ভাড়া বাসায় অন্যান্য নারী শ্রমিকদের সঙ্গে থাকতেন। গত ১০ এপ্রিল তার এক বন্ধু চিকিৎসার জন্য ফেনী থেকে চট্টগ্রামে এসে ওই বাসায় ওঠেন।

এ ঘটনাকে কেন্দ্র করে একই এলাকায় পরিচিত কয়েকজন তাকে জিজ্ঞাসাবাদের কথা বলে গত ১৯ এপ্রিল রাতে ব্যারিস্টার কলেজ রোডের একটি ভবনের ভাড়া বাসায় নিয়ে যায়। সেখানে তরুণীকে নানা আপত্তিকর কথা বলে চাপ প্রয়োগ করা হয়। একপর্যায়ে তিনজন মিলে তাকে পালাক্রমে ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে অভিযুক্তরা আত্মগোপনে চলে যায়।

অভিযোগ পাওয়ার পর সহকারী পুলিশ কমিশনার (বন্দর জোন) মাজহারুল ইসলাম ও ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমানের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। ব্যারিস্টার কলেজ এলাকার বিভিন্ন ভাড়া বাসা থেকে ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়।

ইপিজেড থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান জানান, আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হবে।

এসএস

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত