শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬

কলেজে ঢুকে শিক্ষিকাকে স্যান্ডেল দিয়ে পেটালেন বিএনপি নেতা!

ডেস্ক রিপোর্ট

রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ডিগ্রি পরীক্ষা চলাকালে এক নারী শিক্ষককে জুতা দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় অধ্যক্ষসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।

২৩ এপ্রিল, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে কলেজের অধ্যক্ষের কক্ষে এ হামলার ঘটনা ঘটে। ওই সময় কলেজে ২০২৪ সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলছিল। পরীক্ষা চলাকালে কেন্দ্র ও আশপাশের ১০০ গজ এলাকায় ১৪৪ ধারা জারি ছিল এবং সকাল থেকেই পুলিশ মোতায়েন ছিল।

প্রত্যক্ষদর্শী ও কলেজ সূত্রে জানা যায়, দুপুরে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অধ্যক্ষের কক্ষে প্রবেশ করে বিভিন্ন বিষয় নিয়ে বাকবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে তারা কক্ষে হামলা ও ভাঙচুর চালান। এ সময় জয়নগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আকবর আলী নারী প্রভাষক আলেয়া খাতুন হীরাকে প্রকাশ্যে জুতা খুলে মারধর করেন।

অধ্যক্ষসহ অন্য শিক্ষকরা তাকে থামানোর চেষ্টা করলে তারাও হামলার শিকার হন। অভিযোগ রয়েছে, ঘটনার সময় পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও হামলাকারীদের ঠেকাতে কার্যকর ভূমিকা নেয়নি।

হামলায় আহতদের মধ্যে রয়েছেন কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, প্রভাষক আলেয়া খাতুন হীরা, অধ্যাপক রেজাউল করিম আলম এবং আরও দুই কর্মচারী। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অধ্যক্ষ ও আলেয়া খাতুন হীরার অবস্থা গুরুতর বলে জানা গেছে।

শিক্ষকদের অভিযোগ, আকবর আলীসহ স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ৪০ থেকে ৫০ জন নেতাকর্মী হামলায় অংশ নেন। তাদের মধ্যে আফাজ আলী, শাহাদ আলী, জয়নাল আলী, এজদার আলী, রুস্তম আলী ও জামিনুর ইসলাম জয় উল্লেখযোগ্য।

অধ্যক্ষ আব্দুর রাজ্জাক অভিযোগ করেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন পক্ষ তার কাছে চাঁদা দাবি করছিল। তিনি কাউকে প্রশ্রয় না দেওয়ায় এ হামলার শিকার হয়েছেন।

প্রভাষক আলেয়া খাতুন হীরা বলেন,“অধ্যক্ষের পাশে দাঁড়ানোই আমার অপরাধ। আমাকে প্রকাশ্যে জুতা দিয়ে আঘাত করা হয়েছে, যা একজন শিক্ষক হিসেবে চরম অপমানজনক।”

তবে অভিযোগ অস্বীকার করে আকবর আলী বলেন,“পূর্বের দুর্নীতির হিসাব চাওয়াকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়। শিক্ষকদের পক্ষ থেকেই আগে হামলা করা হয়েছে।”

দুর্গাপুর থানার পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হলেও কিছু লোক জোরপূর্বক কলেজে প্রবেশ করে হামলা চালায়। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসএস

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত