চট্টগ্রাম নগরে সিএনজি অটোরিকশায় ঘুরে চেতনানাশক ‘স্কোপোলামিন’ ব্যবহার করে সাধারণ মানুষকে টার্গেট করে ছিনতাইয়ের অভিযোগে একটি চক্রের বেলাল উদ্দিন (৪৫) নামে এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।

৯ এপ্রিল, বৃহস্পতিবার হালিশহর থানাধীন রঙ্গীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় ।
চকবাজার থানা সূত্রে জানা যায়, গত ৭ এপ্রিল বিকাল ৪টার দিকে ওয়াসা মোড় সংলগ্ন এলাকায় অজ্ঞান পার্টির সদস্য বেলাল উদ্দিন (৪৫), মো. কবির মুন্সী (৩২)সহ আরও এক সহযোগী সিএনজি অটোরিকশা (চট্টমেট্রো-থ-১২-৬৭৮৬) ব্যবহার করে বাঁধন সরকার (২৭) নামের এক ব্যক্তিকে টার্গেট করে ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় তার নাকের সামনে চেতনানাশক পদার্থ ব্যবহার করা হয়, যা ‘শয়তানের নিশ্বাস’ নামে পরিচিত।

এ ঘটনায় মামলা দায়েরের পর বৃহস্পতিবার ভোর ৫টায় হালিশহর থানাধীন রঙ্গীপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে ছিনতাইয়ে ব্যবহৃত সিএনজি অটোরিকশা জব্দ করা হয় এবং নগদ ২০ হাজার টাকা উদ্ধারসহ বেলাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
চকবাজার থানার অফিসার ইনচার্জ বাবুল আজাদ জানান, গ্রেপ্তারকৃত আসামি ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে স্কোপোলামিন বা চেতনানাশক ব্যবহার করে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে অচেতন করে তাদের কাছ থেকে অর্থ ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিত।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ক্লিক/এসএস



