বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

সীতাকুণ্ডে কারাখানার শেড ধসে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি জিংক কারখানায় সংস্কার কাজ চলাকালীন লোহার রেলিং শেড ধসে পড়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

৭ এপ্রিল, মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার বার আউলিয়া সাগর উপকূল এলাকায় অবস্থিত ‘অল ট্রেড ইন্টারন্যাশনাল’ নামক কারখানায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—নোয়াখালীর লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার নেছার আহমেদের ছেলে মো. ফারুক (৪২) এবং কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার আবু তাহেরের ছেলে মো. জহির (২৪)। ফারুক পেশায় একজন কন্ট্রাক্টর ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে কালবৈশাখী ঝড়ে কারখানাটির রেলিং শেড ক্ষতিগ্রস্ত হয়েছিল। গতকাল সকালে শ্রমিকরা সেই ক্ষতিগ্রস্ত অংশটি মেরামতের কাজ শুরু করেন। কাজ চলাকালীন হঠাৎ পুরো লোহার শেডটি ভেঙে তাদের ওপর পড়ে যায়। এতে তারা গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

সন্দ্বীপের বাসিন্দা তুহিনের মালিকানাধীন এই কারখানায় রোলিং মিলের লোহার গুঁড়া থেকে জিংক অ্যাশ উৎপাদন করে চীনসহ বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। দুর্ঘটনার খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে।

থানার ওসি (তদন্ত) আলমগীর হোসেন জানান, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই মর্মান্তিক ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি কারখানায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকা নিয়ে সাধারণ শ্রমিকদের মধ্যে চরম উদ্বেগ ও অসন্তোষ বিরাজ করছে।

এসএস

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত